এ কেমন শত্রুতা

আপডেট : ২২ মে ২০১৯, ০০:১৫

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার আদর্শ মত্স্য খামারে বিষ প্রয়োগে ২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্ত। সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন আদর্শ মত্স্য খামারের মালিক সোলায়মান বেপারি।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগে সোলায়মান বেপারি উল্লেখ করেন, সোনারগাঁ পৌর এলাকায় আদর্শ মত্স্য খামার নামের প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। মাছ চাষে তিনি জেলা পর্যায়ে সরকারিভাবে পুরস্কারপ্রাপ্ত খামারি। গতকাল মঙ্গলবার খাগুটিয়া এলাকায় পুকুর পরিদর্শনে গিয়ে দেখতে পান বিষ প্রয়োগের ফলে ওই পুুকুরের মাছ মরে ভেসে উঠছে। পরে তিনি মৃত মাছগুলো জাল দিয়ে তুলে ফেলেন। এ ঘটনায় গতকাল সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

খামারি সোলায়মান বেপারি জানান, শত্রুতা করে দুর্বৃত্তরা খাগুটিয়া গ্রামের পাশের একটি পুকুরে বিষ ঢেলে ২ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে। মাছ নিধনে জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তিনি। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। মাছ নিধনে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।