জেলার কসবায় ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না ৩০১ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের ঘোষণা দেয়ার পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে উপজেলার ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০১ জন শিক্ষক মানবেতর জীবন-যাপন করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় প্যারেড গ্রাউন্ডে গত বছরের ৯ জানুয়ারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করার ঘোষণা দেন। এ ঘোষণার আওতায় পড়েন কসবার ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০১ শিক্ষক। অদ্যাবধি তারা নতুন স্কেলে বেতন পাননি। এছাড়া পূর্বে বেসরকারি থাকাবস্থায় যে সামান্য বেতন তারা পেতেন সেটাও বন্ধ হয়ে গেছে।
শিক্ষক নেতা মো. মমিনুল ইসলাম বলেন, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫ মাস শিক্ষকরা বেতন না পাওয়ায় ভীষণ কষ্টে পরিবারের সদস্যদের নিয়ে দিনযাপন করছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মন্ত্রণালয় থেকে বেতন বরাদ্দ না আসায় শিক্ষকদের বেতন দেয়া সম্ভব হচ্ছে না।
