জঙ্গিবাদ ও সন্ত্রাস নারী সমাজের প্রধান শত্রু :তথ্যমন্ত্রী

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২৩:০৯
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে নারী পুরুষের বৈষম্য দূর করতে হবে। সমৃদ্ধ দেশ গড়তে নারী পুরুষের সমতা প্রয়োজন। নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে যারা বাধা দেয় তারা দেশ ও মানবতার শত্রু। জঙ্গিবাদ ও সন্ত্রাস নারী সমাজের প্রধান শত্রু। নারীর নিরাপত্তা বিধানে লিঙ্গ বৈষম্য দূর ও জঙ্গিবাদী সন্ত্রাসীদের দমন করতে হবে। গতকাল রবিবার দুপুরে মিরপুরে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামারুল আরেফিন, মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা প্রমুখ। পরে মন্ত্রী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও উপজেলা চত্বরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে সকালে ভেড়ামারায় নিজ বাসভবনে তথ্যমন্ত্রী বলেন, উন্নয়ন, গণতন্ত্র ও নির্বাচনের কথা অনেক হবে; কিন্তু জঙ্গিবাদ, সাম্প্রদায়িক শক্তিকে বর্জন করে আগে এগিয়ে যেতে হবে। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, যতক্ষণ পর্যন্ত না আপনি জঙ্গিবাদ, জামায়াত-শিবির, মৌলবাদ, সাম্প্রদায়িক শক্তি ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা নয়। জঙ্গিবাদীরা ইতিহাসের আবর্জনা। খালেদা জিয়াকে তিনি আরো বলেন, ‘আপনি আগে ভেবে দেখুন, আপনি জঙ্গিবাদীদের সঙ্গে থাকবেন নাকি স্বাধীনতার সপক্ষে থাকবেন, গণতন্ত্রের পাশে হাঁটবেন। জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাকে তিনি রাজনৈতিক আবর্জনা উল্লেখ করে এসব আবর্জনা আগে দূর করার আহবান জানান।