বাহরাইনে অগ্নিকাণ্ড

নিহত তিন শ্রমিকের দাফন কুমিল্লায় সম্পন্ন

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২৩:১০
বাহরাইনের মানামায় অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার বুড়িচংয়ের জালাল উদ্দিন, মোশাররফ হোসেন ও দুলাল মিয়ার লাশ গতকাল রবিবার সকালে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে তাদের লাশ এলাকায় পৌঁছলে হাজার হাজার মানুষ নিহতদের বাড়িতে ভিড় জমায়। এলাকায় ৩ পরিবারকে ঘিরে চলছে এখন শুধুই শোকের মাতম। জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বাহরাইনের রাজধানী মানামার মাখারকায় স্থানীয় সময় রাত আড়াইটার পর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একই কক্ষের ৩ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ৩ শ্রমিকের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে। রাত ২টার দিকে নিহতদের লাশ কুমিল্লার বুড়িচং উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।