একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে নতুন করে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। এসময় বিভিন্ন বইয়ের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, একাত্তরে নিজামীর উদ্যোগে আল বদর বাহিনী প্রতিষ্ঠিত হয়। তিনি ছিলেন এ বাহিনীর প্রধান। যুক্তিতর্ক উপস্থাপনকালে নিজামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
এর আগে সাবেক চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ গত বছরের ১৩ নভেম্বর নিজামীর মামলার কার্যক্রম শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ রেখেছিলেন। বিচারপতি এটিএম ফজলে কবীরের চাকরির বয়সসীমা পূর্ণ হওয়ায় তিনি গত বছরের ৩১ ডিসেম্বর অবসর নেন। সেই থেকে চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। গত ২৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয় বিচারপতি এম ইনায়েতুর রহিমকে।
যুক্তিতর্ক উপস্থাপনকালে প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগে বিচার চলছে।
