বোকা জুনিয়র্স খেলোয়াড়দের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার খেসারত দিল রিভারপ্লেট। সে কারণে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ হিসেবে খ্যাত কোপা লিবার্তাদোরেসের ফিরতি ফাইনাল নিজেদের মাঠে খেলার অধিকার হারালো দলটি।
দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল সংস্থা কনমেবল গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়। অথচ ইতিহাসে প্রথমবারের মতো আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্ব্বী দল দুটি কোপা লিবার্তাদোরেসের ফাইনালে মুখোমুখি হয়েছিল। বোকার মাঠে ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল। কিন্তু ফিরতি ফাইনাল শুরুর কয়েক ঘণ্টা আগে রিভারের স্টেডিয়ামে আসার পথে কিছু উগ্রবাদী প্রতিপক্ষ সমর্থকের হামলার শিকার হয় বোকার দলীয় বাস। আহত হন বোকার অধিনায়ক পাবলো পেরেজ এবং কার্লোস তেভেজসহ বেশ কিছু খেলোয়াড় এবং বাসচালক। কয়েক দফা সময় পেছানোর পরেও সেদিন খেলাটি আয়োজনে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। শেষমেশ অনির্দিষ্টকালের জন্য পিছিয়েই দেয়া হয় কোপা লিবার্তাদোরেসের ফাইনাল।
ফাইনাল নিয়ে কনমেবল এর বৈঠকে উঠে আসে রিভারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার বিষয়টিও। প্রথমে বোকার খেলোয়াড়দের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় রিভারপ্লেটের ভেন্যুটিকে বাতিল ঘোষণা করা হয়। তবে আর্জেন্টিনার বাইরে ভেন্যু ঠিক করতে পারেনি কনমেবল। সম্ভাব্য ভেন্যু হিসেবে অবশ্য উঠে আসছে সংযুক্ত আরব আমিরাত কিংবা ইতালীয় শহর জেনোয়ার নাম। যুক্তরাষ্ট্রের নামও ভেসে বেড়াচ্ছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে। দিনক্ষণের ব্যাপারেও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি কনমেবল। তবে দুটি তারিখে ফাইনাল আয়োজনের কথা বলেছেন তারা। ডিসেম্বরের আট কিংবা নয় তারিখে হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফয়সালা। উল্লেখ্যে, পাঁচ বছর আগেও কোপা লিবার্তাদোরেসে মুখোমুখি হয়েছিল দলদুটি। শেষ ষোলোর দ্বিতীয় লেগে সেবার সমর্থকদের হামলার শিকার হয়েছিল রিভারপ্লেট। যার জেরে বোকাকে বিদায় করে দেয় কর্তৃপক্ষ। সেই সুবাদে এবার রিভারপ্লেটের নিষেধাজ্ঞার দাবি তুলেছিল বোকা। কিন্তু কনমেবলের অসম্মতির মুখে হালে পানি পায়নি বোকার সেই দাবি।
