পাইপলাইনে গ্যাস সংযোগের দাবিতে আগামী ২০ ও ২২ মে রংপুর বিভাগে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছেন সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুরে আইনজীবী সমিতি ভবনে গ্যাসের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেন ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট এমএ বাশার টিপু। ফোরামের বিভাগীয় সভাপতি এসএম পিয়াল, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, সহ-সভাপতি মাসুদার রহমান মাসুদ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর মানিক, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, রংপুর বিভাগে সামাজিক উন্নয়ন অনেক পিছিয়ে পড়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনার তুলনায় রংপুর অঞ্চলে দারিদ্র্যের হার ১৫-২০ শতাংশ বেশি। গ্যাসের অভাবে নীলফামারীর উত্তরা ইপিজেডে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেনি। দেশের মোট শিল্পের ৭০ শতাংশ ঢাকা ও চট্টগ্রামে। রংপুর বিভাগসহ উত্তরবঙ্গে এ হার হচ্ছে মাত্র ১২ ভাগ। গ্যাসের সংযোগ দেয়া হলে কৃষিভিত্তিক শিল্প, সার কারখানা, আলু প্রসেসিং, জুট মিল, শিল্পের যন্ত্রাংশ তৈরি, পোল্ট্রিফার্ম, ডেইরি, গো-খাদ্যসহ নানামুখী শিল্প গড়ে উঠবে। গ্যাসের আন্দোলন বেগবান করতে রংপুর বিভাগের এমপিসহ ঢাকায় রংপুরের নারী, পুরুষ ও ছাত্রসহ পেশাজীবীদের সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বিভিন্ন পেশাজীবীর সাথে মতবিনিময়, প্রতিটি জেলা শহরে পোস্টার লাগানো, লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শন, রংপুর বিভাগের ৮ জেলায় মানববন্ধন, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন এবং প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের কর্মসূচিও ঘোষণা করেন।
