ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযান

পালাতে গিয়ে পানিতে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২২:৪০
জেলার বিজয়নগরে গত রবিবার গভীর রাতে আসামি ধরতে পুলিশের অভিযানের খবর পেয়ে পালাতে গিয়ে পানিতে পড়ে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন হাসান আলী সর্দার (৬৫) নামে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তার সমর্থকরা চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এর ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ২টার দিকে প্রশাসনের কাছ থেকে সুষ্ঠু তদন্তের আশ্বাস পাওয়া গেলে হাসান আলী সর্দারের সমর্থকরা অবরোধ তুলে নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চরইসলামপুর ইউনিয়নের নাজিরবাড়ি মসজিদের ভেতরে স্থানীয়রা গত বৃহম্পতিবার জেলা সদর থেকে আসা তাবলীগ জামাতের একটি দলের ওপর হামলা চালায়। এ সময় মাদ্রাসার এক শিক্ষকসহ ৩০ জন আহত হয়। বিজয়নগর থানায় গত শুক্রবার এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার সূত্র ধরে গত রবিবার রাতে আসামিদের ধরতে পুলিশ ওই গ্রামে অভিযানে গেলে পালাতে গিয়ে গঙ্গানগর গ্রামের একটি পুকুরে পড়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী সর্দারের মৃত্যু হয়। বিজয়নগর থানার ওসি রসুল আহমেদ নিজামী বলেন, আসামি ধরতে গেলে পালাতে গিয়ে পানিতে পড়ে হূদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনার তদন্ত চলছে। কোন দুর্বলতার প্রমাণ পাওয়া গেলে পুলিশের বিরুদ্ধে মামলা করা হবে। এদিকে হাসান আলী সর্দারের সমর্থকের দাবি, পুলিশের তাড়া খেয়ে পানিতে পড়ে তিনি মারা যান।