পাকিস্তানি বিমান ভেবে নিজেদের কপ্টারে আঘাত হেনে এবার শাস্তির মুখে পড়ছেন ভারতীয় বিমান বাহিনীর অফিসার কম্যান্ডিং (এওসি)। গত দুই মাসেরও বেশি সময় ধরে বিষয়টি নিয়ে তদন্ত চলছে যা শেষ হতে সময় লাগবে আরও ২০ দিন। তবে বিমান বাহিনী সূত্রে জানা গেছে, আগেই দায়িত্ব থেকে সরানো হয়েছে ওই বিমান বাহিনীর কম্যান্ডিংকে। ১৯৫০ সালের বিমান বাহিনীর আইন অনুযায়ী তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলার অভিযোগ গঠন করার চিন্তাভাবনা চলছে।
পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ঢুকে অভিযান চালায় ভারতীয় বিমান বাহিনী। এর একদিন পরেই নিয়ন্ত্রণরেখা লংঘন করে ভারতে প্রবেশ করে পাকিস্তানি বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান। সেই এফ-১৬ যুদ্ধবিমান তাড়া করতে গিয়েই পাকিস্তানে বন্দি হন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। কিন্তু ওইদিন অভিনন্দন পাকিস্তান বিমানের মোকাবিলা করার সময়েই মারাত্মক দুর্ঘটনা ঘটে যায় কাশ্মিরের নৌশেরা সেক্টরে। রাশিয়ায় তৈরি বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ে সেখানে যাতে ৬ জনের মৃত্যু হয়। শুরুতে বিষয়টি বিস্তারিত জানা না গেলেও তদন্ত শুরু হওয়ার জানা যায়, শত্রুপক্ষের বিমান ভেবে কপ্টারটিকে লক্ষ্য করে ইসরাইলের তৈরি স্পাইডার ক্ষেপনাস্ত্র ছোড়ে ভারতীয় বিমান বাহিনী। তাতেই ভেঙে পড়ে সেটি। - এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা
