স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশের ৬৪টি জেলার হাসপাতালগুলোতে ১৫০ ভাগ বেড ও আধুনিক চিকিত্সা সরঞ্জমাদি বৃদ্ধি করা হয়েছে। ৪২টি পাবলিক সেক্টর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ১৮টি উচ্চতর বিশেষায়িত হাসপাতাল প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন করা হয়েছে। পাশাপাশি আমাদের বর্তমান সরকার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সকল স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কমনওয়েলথভুক্ত দেশসমূহের স্বাস্থ্যমন্ত্রীদের ৭২তম সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের ১৪৩ ও ১৪৪তম সভায় প্রতিবেদন উপস্থাপন, সংস্থাটির মহাপরিচালকের বক্তব্যের উপর আলোচনা, নতুন সদস্য নির্বাচন, প্রোগ্রাম, বাজেট এবং নির্বাহী বোর্ডের আঞ্চলিক কমিটিসমূহের প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন জটিল রোগ প্রতিরোধ বিষয়ে গ্লোবাল অ্যাকশন প্লান প্রণয়ন, সংক্রামক ও অসংক্রামক ব্যাধির নিরাময় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী কমনওয়েলভুক্ত দেশসমূহের স্বাস্থ্যমন্ত্রীদের উদ্দেশে আরো বলেন, বাংলাদেশ সরকারের বাত্সরিক বাজেটে স্বাস্থ্য ও চিকিত্সা খাতে সবচেয়ে বেশি বরাদ্দকৃত খাতগুলোর পর্যায়ের বাজেট প্রদান করা হয়। এই বাজেট থেকে দেশের ক্যান্সার, কিডনি, সিরোসিসসহ যাবতীয় জটিল রোগ নির্মূলে ব্যয় করা হয়।
সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের (জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ্য) অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং স্বাস্থ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব ড. আরিফুর রহমান সেখ।
