অত্যাধুনিক ফিশিং ট্রলার নির্মাণ করলো এফএমসি

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২১:৩২
সফলভাবে অত্যাধুনিক ফিশিং ট্রলার নির্মাণের মধ্যদিয়ে দেশের জাহাজ নির্মাণ শিল্পে নতুন অধ্যায়ের সূচনা করলো এফএমসি ডকইয়ার্ড লিমিটেড। বিকাশমান এ খাতের উদ্যোক্তারা এক দশকেরও বেশি সময় ধরে জাহাজ নির্মাণের সকল শাখায় সফলতা দেখিয়ে আসলেও কারিগরি ত্রুটিমুক্ত ফিশিং ট্রলার নির্মাণের সাফল্য এই প্রথম। এফএমসি ডকইয়ার্ড নির্মিত এফবি সিএমএল লাবিবা নামের মিডওয়াটার ফিশিং ট্রলারটি গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা দু’দিনের সি-ট্রায়াল সম্পন্ন করেছে। সি-ট্রায়াল শেষে ট্রলারটি এখন সমুদ্রে বাণিজ্যিক মাছ শিকারের জন্য প্রস্তুত। শিপ বিল্ডিং বিশেষজ্ঞ প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান জানান, এফবি সিএমএল লাবিবাই হচ্ছে দেশে নির্মিত সর্বপ্রথম সফল ফিশিং ট্রলার। সি-ট্রায়ালে দেখা গেছে এটির নির্মাণ প্রক্রিয়া সফল ও ত্রুটিমুক্ত। ট্রায়াল চলাকালে সাগরের ঢেউজনিত সমস্যা এবং ক্রুজিংকালে স্রোতের বিপরীতে ট্রলারটিতে ৯০০ আরপিএম-এ ৫ নটিক্যাল মাইল ট্রল স্পিড পাওয়া গেছে। এ স্পিড পেতে সাধারণত ১৪০০ আরপিএম পর্যন্ত উঠাতে হয়। তাছাড়া ১১৫০ আরপিএম-এ ১৪ কিলোনট গতিবেগে চলার সফলতাও দেখিয়েছে ট্রলারটি। তিনি বলেন, দেশে তৈরি ট্রলারের মাধ্যমে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। বিদেশ থেকে ট্রলার আমদানি করতে হবে না। ট্রলারটির মালিক প্রতিষ্ঠানের স্কিপার মো. ইলিয়াছ মিয়া বলেন, আমাদের দেশের উদ্যোক্তাদের উচিত বিদেশ নির্ভরতা পরিহার করে দেশীয় বিল্ডারের মাধ্যমে ট্রলার তৈরি করা। এফএমসি ডকইয়ার্ডের চেয়ারম্যান মির্জা আইয়ুব বেগ জানান, ২৫০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন এই ফিশিং ট্রলারটি এক হাজার ৩৬০ অশ্বশক্তি সম্পন্ন। এতে সংযুক্ত আছে বিশ্বখ্যাত ক্যাটারপিলার ইঞ্জিন, ৫৫০ কিলোওয়াট ক্যাটারপিলার জেনারেটর, জার্মানির ভক কোম্পানির ফ্রিজিং সিস্টেম, উচ্চ প্রযুক্তির সোনারসহ অত্যাধুনিক নেভিগেশনাল সিস্টেম ও ইলেকট্রো মেকানিক্যাল উইন্স। তিনি জানান, বিদেশ থেকে সংগৃহীত ট্রলারের তুলনায়ও এটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন।