ভোলার বোরহানউদ্দিনে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় মানববন্ধন করেছেন ৫ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন-জয়া সড়ক ও বোরহানউদ্দিন পৌর বাজারে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ ৩ দফা দাবিতে দীর্ঘ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অভিভাবকগণ দাবি পূরণ না হলে রাস্তা কেটে দেয়াসহ কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন বলে প্রশাসনকে হুমকি দেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্যর বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
গত এক সপ্তাহে বোরহানউদ্দিন-জয়া সড়কে দুই মালবাহী লরির চাকায় পিষ্ট হয়ে দুই মেধাবী ছাত্রের মৃত্যু হয়। ওই সড়কের দুই পাশে বোরহানউদ্দিন কিন্ডারগার্টেন, মাতৃছায়া কিন্ডারগার্টেন, মহিলা মাদ্রাসা, বালিকা বিদ্যালয় ও সন্নিকটে বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থান। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কয়েক হাজার কোমলমতি শিক্ষার্থীর পদচারণায় মুখর থাকে বোরহানউদ্দিন-জয়া সড়ক। বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনম আবদুল্লাহ জানান, অবৈধ করিমন, নসিমনসহ মালবাহী ট্রাক-লরির বেপরোয়া চলাচলে পথচারী চলাচল দুষ্কর হয়ে পড়েছে। কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসছে। তিনি পরিবহনের জন্য বিকল্প সড়ক হিসেবে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কালভার্ট-ফায়ার সার্ভিস সড়ক ব্যবহারের দাবি জানান।
