ভাষা আন্দোলনের স্মৃতিচারণে ইতিহাস বিকৃত ঘটছে

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২২:০৭
ভাষা সংগ্রামী আহমদ রফিক বলেছেন, ‘ভাষা আন্দোলনের ইতিহাস দুই ধরনের অনাচারের সম্মুখীন। এক হচ্ছে প্রথাসিদ্ধ ইতিহাস, অন্যটি ইতিহাসের নামে স্মৃতিচারণ। এ স্মৃতিচারণে অনেকের বিস্মৃতি ঘটায় তা ইতিহাসকে বিকৃত করেছে। এ কারণেই ভাষা আন্দোলনের ইতিহাসের ক্ষেত্রে ১৯৪৮ সালের ১১ মার্চ অনেকটাই নিভৃতে থেকে গেছে।’ সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ‘রাষ্ট্রভাষা আন্দোলন ও ১১ মার্চ ১৯৪৮’ শীর্ষক আলোচনা সভার মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো ছিলেন আইটিআই বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন সহ-সভাপতি গোলাম কুদ্দুছ। স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। প্রাবন্ধিক গোলাম কুদ্দুছ বলেন, ‘ভাষা আন্দোলনের ইতিহাসে ১১ মার্চ এক মাইলফলক হিসেবেই চিহ্নিত থাকবে। ধর্মের ভিত্তিতে পাকিস্তানের সৃষ্টি এবং মোহাম্মদ আলী জিন্নাহর পাহাড়সম জনপ্রিয়তাকে উপেক্ষা করে ছাত্র-যুবকরা আন্দোলন গড়ে তুলেছিলেন। বায়ান্নর ২১ ফেব্রুয়ারি যে রক্তস্নাত আন্দোলন সংঘটিত হয়েছিল, তার সূত্রপাত ও প্রেরণা ছিল ১৯৪৮ সালের ১১ মার্চ; কিন্তু আমাদের দুর্ভাগ্য- ইতিহাস প্রণয়নের ক্ষেত্রে এ দিনটিকে অনেকেই গুরুত্ব প্রদান করেন নি; কিন্তু এটিই ভাষা আন্দোলনের সংগ্রামের সবচেয়ে আলোকিত একটি দিন।’ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘ওয়ার এন্ড কলোনিজ’ শীর্ষক প্রদর্শনী : মুক্তিযুদ্ধ জাদুঘর ও আলিয়ঁস ফ্রসেসের যৌথ আয়োজনে প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪-১৯১৮)-এর বিরল ছবি নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শুরু হয়েছে ‘ওয়ার এন্ড কলোনিজ’ শীর্ষক সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। মঙ্গলবার দুপুরে প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূূতাবাসের ডেপুটি হাইকমিশনার কামুচেচী, জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী এবং জাদুঘরের কর্মকর্তা রফিকুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আর পি সাহা ও মাহবুব উল আলমের ছবিসহ প্রদর্শনীতে মোট ৩৫টি আলোকচিত্র স্থান পেয়েছে। ১৭ মার্চ শেষ হবে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটক মঞ্চায়ন : ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। আগামী শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কমেডি নাটক ‘শেষ রক্ষা’ মঞ্চস্থ হতে যাচ্ছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে মঞ্চায়ন। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। আজ বেঙ্গল শিল্পালয়ে শিল্পী শহিদ কবিরের প্রদর্শনী শুরু : বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস-এর আয়োজনে আগামীকাল থেকে সত্তর দশকের শক্তিমান শিল্পী, বাস্তবধারার বিশেষ রূপকার ও আন্তর্জাতিক শিল্পাঙ্গন থেকে আহরিত বোধে ঋদ্ধ শহিদ কবিরের ‘তোমার পরে ঠেকাই মাথা’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। আজ বুধবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রধান অতিথি হিসেবে তিন সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে স্পেনের মান্যবর রাষ্ট্রদূত লুই তেখাদা শাকন ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। সভাপতিত্ব করবেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। এ উপলক্ষে মঙ্গলবার বেঙ্গল শিল্পালয়ে সাংবাদিক সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ, শিল্পী শহিদ কবির এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য রাখেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৫৩টি। প্রদর্শনী আগামী পহেলা এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।