পেট্রোবাংলার চেয়ারম্যানকে দুদকে তলব

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২২:০৯
পেট্রোবাংলা ও তার অধীনস্থ ১৩ কোম্পানির কমর্ককর্তা কর্মচারী নিয়োগ ও দরপত্র সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের কাছে নোটিস পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার বিকালে এ নোটিস পাঠানো হয়। নোটিসে গত চার বছরে পেট্রোবাংলা ও এর অধীনস্থ ১৩টি কোম্পানির নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথিপত্র, ১৩ কোম্পানির বিভিন্ন সময়ে উন্নয়ন সংক্রান্ত কার্যাবলীর নথিপত্র, বিগত সময়ের কাজের দরপত্র এবং ঠিকাদার নিয়োগ সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হয়েছে। একই সাথে এসব নথিপত্র আগামী সাত কর্মদিবসের মধ্যে দুদকে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, গত রবিবার পেট্রোবাংলা ও এর অধীনস্থ ১৩ টি কোম্পানির লোক নিয়োগের অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় দুদক। দুদক সূত্র জানায়, জমা পড়া অভিযোগে বলা হয়েছে, গত চার বছরে পেট্রোবাংলার অধীনস্থ ১৩টি কোম্পানির বিভিন্ন পর্যায়ের লোকবল নিয়োগে অনিয়ম করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর। এ অনিয়মের বিষয়ে সংসদীয় কমিটির তদন্তে প্রমাণও পাওয়া গেছে। নিয়োগ সংক্রান্ত এ অনিয়মে প্রতিষ্ঠানটির আরো বেশ কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা জড়িত রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়ছে।