গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার দুপুরে ‘সুষ্ঠু পরিবেশ’ না থাকায় এই সিদ্ধান্ত নেয় কমিশন। ক্ষমতাসীন দল সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করায় কমিশন এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন শুরুর পর এই প্রথম ভোটের আগে কোনো উপজেলার ভোট স্থগিত হলো। তৃতীয় ধাপে আগামী ১৫ মার্চ আরো ৮১ উপজেলার সঙ্গে শ্রীপুরেও ভোট হওয়ার কথা ছিল। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ইত্তেফাককে বলেন, শ্রীপুরে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে কমিশনের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশন করেছে ১৯ দল সমর্থিত চেয়ারম্যার প্রার্থী আব্দুল মোতালেব। তিনি বলেছেন, যখন তার জয় সুনিশ্চিত ছিল, ঠিক তখনই সরকারি দলের দুই গ্রুপ একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচন স্থগিত করেছে।
আমাদের শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, মামলা হওয়ার কারণে আওয়ামী লীগের উভয় পক্ষের নেতাকর্মী সমর্থকরা গ্রেফতারের ভয়ে বাড়ি ছাড়া। তাদের কোন প্রচার প্রচারণা নাই।
উপজেলায় সরেজমিনে দেখা গেছে, ছেঁড়াফাড়া পোস্টারে ছেয়ে আছে চারদিক। চরম আতংক উত্কণ্ঠার মধ্যে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও আশংকা ছিল নির্বাচন সুষ্ঠু হবে কি না। মঙ্গলবার সকালে ১৯ দলীয় একক প্রার্থী সংবাদ সম্মেলন করে দাবি করেন, উপজেলার ১২৬টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ এবং বিকালে নির্বাচন স্থগিত করায় পুনরায় সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের জন্য ক্ষোভ প্রকাশ করেন। এদিকে ১৯ দলের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছলেম উদ্দিন মীরধা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা জাহান স্বপ্না ও জামায়াতের ভাইস চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম মোল্লা পূর্বের তারিখ ঠিক রেখে নির্বাচন সম্পন্ন করার দাবি জানান।
