নিজামী বক্তব্যের মাধ্যমে উস্কানি দিয়েছিলেন

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২৩:০৪
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। তিনি বলেন, পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি হিসেবে নিজামী একাত্তরে তরুণ সমাজকে স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ করতে উস্কানি দিয়েছেন। ধর্মের কথা বলে তরুণদের বিশাল একটি অংশকে বিভ্রান্ত করেছেন। নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা ১৬টি অভিযোগের মধ্যে ১১ থেকে ১৪ নম্বর অভিযোগ হলো অপরাধ সংঘটনে উস্কানি দেয়ার। এসব অভিযোগের উপর যুক্তিতর্ক উপস্থাপনকালে প্রসিকিউটর বলেন, একাত্তরে সংগ্রাম পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে নিজামী পাকিস্তানের অখণ্ডতার পক্ষে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিয়েছেন। এসব বক্তব্যের মাধ্যমে তিনি উস্কানি দিয়েছেন। একাত্তরে যুদ্ধের সময় নিজামী ইসলাম রক্ষা, পাকিস্তান রক্ষার কথা বলে একদল তরুণকে স্বদেশী আরেকদল মানুষকে হত্যায় প্ররোচনা দিয়েছেন। তিনি জিহাদের কথা বলে তরুণদের একটি অংশকে বিভ্রান্ত করেছেন। এটা অবশ্যই উস্কানি। রাষ্ট্রপক্ষ তা প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, ৭১ এ নিখিল পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি ছিলেন নিজামী। যার নির্দেশেই ছাত্র সংঘকে প্যারা মিলিশিয়া আল বদর বাহিনীতে পরিণত করা হয়। যুক্তি উপস্থাপন শেষে মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের পর আসামিপক্ষের যুক্তিতর্কের মাধ্যমে এ মামলার বিচার কাজ শেষ হবে।