বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, এএসকে ট্রেড এন্ড এক্সিবিশন প্রা: লি. এবং জাকারিয়া ট্রেড এন্ড ফেয়ার ইন্টারন্যাশনাল-এর যৌথ উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী গ্যাপেক্সপো মেলার সমাপনী অনুষ্ঠান গত সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিশেষ অতিথি এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং বিজিএমইএ-এর প্রাক্তন সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে পেপার উপস্থাপন করেন প্রফেসর ড. ফিরোজ ফারুকী। আলোচকগণ বলেন, রপ্তানিমুখী গার্মেন্টস ও এক্সেসরিজ শিল্প দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও তাত্পর্যপূর্ণ অবদান রাখছে। তবে শিল্প খাতটি প্রত্যক্ষ রপ্তানিমুখী শিল্প গার্মেন্টস ও নিট শিল্পের ন্যায় সমান সুযোগ থেকে বঞ্চিত। শিল্প খাতটির ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) এবং আমদানি প্রাপ্যতা অত্র সেক্টরের প্রতিনিধিত্বকারী বিজিএপিএমইএ-এর ওপর অর্পণের পক্ষে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
মেলার সফল ৩টি প্রতিষ্ঠানের মধ্যে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান-এর মাধ্যমে বিজিএপিএমইএ-এর পক্ষ থেকে সাভার ট্র্যাজেডিতে আহত ২০ জন ব্যক্তির মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। গ্যাপেক্সপোর মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।—প্রেস বিজ্ঞপ্তি
