গত দু’দিন দেশের বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় ১০ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
সুনামগঞ্জে কার চাপায়
৩ পথচারীর মৃত্যু
সুনামগঞ্জের ছাতক উপজেলার ধারনবাজারে কার চাপায় ৩ পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের ধারনবাজারে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশিদ জানান, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি কার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ধারনবাজারে রাস্তার পাশে ৩ পথচারীকে চাপা দিলে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ফুলবাড়িতে বাস খাদে
পড়ে শিশুসহ নিহত ৩
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বেজাই নামক স্থানে গত মঙ্গলবার বিকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ তিনজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন-গাইবান্ধার কাবিলপুর সোনাতলা গ্রামের পর্দন ইসলাম (৪৫) ও আমবাড়ি শাখা বেসরকারি টিএমএসএস সংস্থার ইউনিট কর্মকর্তা মিজানুর রহমানের শিশুকন্যা মুন (৬) এর পরিচয় পাওয়া গেলেও অন্য ১ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
পাবনার সাঁথিয়া উপজেলার নগরবাডি-বগুড়া মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। জানা যায়, উপজেলার নগরবাডি-বগুড়া মহাসড়কের আমাইকোলা সিএনজি স্টেশন সংলগ্ন স্থানে বাঘাবাডি মুখী করিমনের সাথে কাশিনাথপুর মুখী বিআরটিসি’র একটি বাসের (যার নং ঢাকা মেট্রো-ব-১১-৯১৯৮) মুখোমুখি সংর্ঘষে ঘটনা স্থলেই অজ্ঞাতনামা (৪৫) নিহত হয়। এসময় শাহজাদপুরের চাঁদ আলী (৫০) ও মস্তোফা কে (৪০) আশংকাজনক অবস্থায় বেড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকায় ইট চাপায়
ভাটা শ্রমিক নিহত
বুধবার সকাল ১০টার দিকে ভালুকা উপজেলার চান্দরাটী গ্রামে নিউ রাজধানী মডেল নামের একটি ইট ভাটায় কর্মরত শ্রমিকের ওপর টেকের ইট পড়ে মোস্তফা (৩৫), নামের এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। সে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার ঢাকেরগাঁও গ্রামের হারুনুর রশিদের পুত্র।
বেনাপোলে সড়ক দুর্ঘটনায়
যুবতী নিহত
শার্শা উপজেলার উলাশি এলাকার সাতমাইল থেকে আসা গরু বহনকারী একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কেয়া বেগম (২৪) নামে এক গৃহবধূ নিহত ও তার স্বামী খোরশেদ আলম আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮ টায় নাভারন-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। কেয়া শার্শা উপজেলার শিয়ালকোনা গাতিপাড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।
বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ১
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক মোঃ সেলিম মিয়া (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিমের বাড়ি রাজশাহীর বাঘাথানা এলাকায়। মঙ্গলবার রাত ৮টায় উক্ত স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত একজন মারা যায়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ইত্তেফাককে জানান, দুপুরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। উভয় ঘটনায় ৩৩ জন আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
