আরব আমিরাতকে কষ্টে হারালো বাংলাদেশ

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২৩:১৬
এই ম্যাচগুলোর রেকর্ড থাকবে না। তারপরও গতকাল চারটি অনুশীলন টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে মাঠের খেলা। আর এর মধ্যে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৪ উইকেটে হারালো বাংলাদেশ। আরব আমিরাতের ছুঁড়ে দেয়া ১৪৩ রানের লক্ষ্যে পৌঁছালো বাংলাদেশ ৭ বল হাতে রেখে। টসে জিতে আগে ব্যাট করতে নামা আমিরাতকে ভালো শুরু এনে দিয়েছিলেন আমজাদ আলী ও ফাইজান আসিফ। ১৯ রান করে আমজাদ আউট হয়ে গেলেও অধিনায়ক খুররম খানই দলকে টেনে নিয়ে যান। ফাইজান ২২ বলে ৩টি চার ও ১টি ছয়ে সাজানো ৩১ রান করে ফেরেন। খুররম ৩৫ বলে ৬টি চারে সাজানো ৪৪ রান করেন। এরপর আর কেউ তেমন রান না পেলেও ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান তোলে আরব আমিরাত। জবাব দিতে নেমে দলীয় মাত্র ১৭ রানে ওপেনার এনামুল বিজয় শূন্যহাতে এবং সাকিব আল হাসান ৯ রানে ফিরে আসেন। এরপর তামিম ইকবাল ও মুশফিকুর রহিম ৫৮ রানের এক জুটি করে বেশ টেনে তোলেন দলকে। কিন্তু ২৭ রান করে মুশফিক ও ৪৩ রান করে তামিম ফেরার পর নাসির মুমিনুলরাও ফিরে আসেন দ্রুত। শেষ পর্যন্ত ফরহাদ রেজার ৭ বলে ১৪ ও মাহমুদউল্লার ১৮ বলে ২৯ জয়টা অন্তত দেখায় বাংলাদেশকে।