ঢাকার যাত্রাবাড়ি থানার অন্তর্গত দনিয়া জনবহুল একটি এলাকা। এখানকার দু’টি প্রধান রাস্তার একটি হলো ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তা, যা গত এক দশক ধরে অযত্ন-অবহেলার শিকার। এই রাস্তা দিয়েই এলাকাবাসী গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভারের কাছে গিয়ে বিভিন্ন গন্তব্যের গাড়িতে চড়ে। রাস্তার পাশে দুটি স্কুল ও মসজিদ থাকা সত্ত্বেও দনিয়া ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা পুননির্মাণের কোনো উদ্যোগ নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী কয়েকটি বাস এই রাস্তা দিয়েই দোলাইরপাড়ের দিকে যায়। ফলে রাস্তাটির বিভিন্ন অংশে দশটিরও বেশি বড় গর্ত হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি সম্পূর্ণ কর্দমাক্ত হয়ে পড়ে। রাস্তার কিছু অংশে সারা বছরই আবর্জনা জমে থাকায় মহল্লাবাসী মশার উপদ্রবে অতিষ্ঠ।
দুই সাম আগে ড্রেন ও রাস্তা সংস্কারের জন্য উত্তর দনিয়ার ৪০ জন বাড়িওয়ালার প্রত্যেকের কাছ থেকে ৫০০০ টাকা করে নেয়া হলেও তিন ট্রাক বালু ঢালা ছাড়া কোনো কাজই হয়নি। আর এই বালুতে দু’পাশের দোকানদার ও পথচারীদের সমস্যা আরো বেড়েছে।
এই রাস্তাটি দ্রুত পাকা করা না হলে এলাকার জনসাধারণের কষ্টের সীমা থাকবে না। তাই রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাজিদা রশিদ শিরীন,
প্রধান শিক্ষিকা,
আদর্শ উচ্চ বিদ্যালয়,
উত্তর দনিয়া, যাত্রাবাড়ী,
ঢাকা ১২৩৬
