তুরস্কে সরকারবিরোধী বিক্ষোভে আহত কিশোরের মৃত্যু

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, নিহত ২

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২১:১৯
তুরস্কের ইস্তাম্বুলে গতবছর সরকারবিরোধী বিক্ষোভে আহত এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেক। এ ঘটনায় অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। দীর্ঘ ২৬৯ দিন কোমায় থাকার পর গত মঙ্গলবার মারা যায় ১৫ বছর বয়সী কিশোর বারকিন এলভান। গতবছর ইস্তাম্বুলে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন রুটি কিনতে বের হলে টিয়ার শেলের টুকরো এলভানের মাথায় আঘাত হানলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত নয়মাস ধরেই সে কোমায় ছিল। এদিকে বুধবার কিশোরটির মৃত্যুতে শোক জানাতে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। এসময় তারা সরকারের বিরুদ্ধে শ্লোগান তোলে। ইস্তাম্বুল ছাড়াও রাজধানী আঙ্কারায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের দাঙ্গার ঘটনা ঘটে। পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। রাজধানীর কারতুলুস এলাকায় সহিংসতায় একজন নিহত হয়।