ফুলবাড়িতে জামায়াতকে নিয়ে বেকায়দায় বিএনপি

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২১:৩০
১৫ মার্চ চতুর্থ পর্বের অনুষ্ঠিতব্য দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শহর-বন্দর-গ্রাম-গঞ্জ-হাট-বাজার সর্বত্রই মুখরিত হয়ে ওঠলেও বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ এবং জামায়াতের প্রার্থী নিয়ে একইভাবে বেকায়দায় পড়েছে বিএনপি। আওয়ামী লীগের পক্ষ থেকে দফায় দফায় বৈঠক করেও সরিয়ে রাখা যায়নি নির্বাচন থেকে বিদ্রোহী প্রার্থীদেরকে। ফলে ৪ জন প্রার্থী নিয়ে গৃহদাহে পড়েছে আওয়ামী লীগ। একইভাবে দফায় দফায় বৈঠক করেও বিএনপি’র মিত্র জামায়াতে ইসলামীর প্রার্থীকে সরানো যায়নি নির্বাচন থেকে। ফলে জামায়াতের প্রার্থী নিয়ে বিএনপিও বেকায়দা রয়েছে। এতো কিছুর পরও সবকিছুকে উপেক্ষা করে প্রতিটি প্রার্থী এখন তাদের জয় নিশ্চিত করতে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতা-কর্মী ও সমর্থক কর্মীদের নিয়ে ছুটছেন গ্রাম থেকে গ্রামে। এই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৭ জন প্রার্থী। এর মধ্যে ৪ জনই হচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আতাউর রহমান (আনারস), আওয়ামী লীগের বিদ্রোহী আলহাজ্ব আব্দুল লতিফ (দোয়াত কলম), আওয়ামী লীগের বিদ্রোহী নেজামুল ইসলাম শিশির (টেলিফোন), আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল মতিন মন্ডল (মোটর সাইকেল), বিএনপি’র মনোনিত তরিকুল ইসলাম (ঘোড়া), জামায়াতে ইসলামীর নূরে আলম সিদ্দিকী (হেলিকপ্টার) এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কামরুজ্জামান (কাপ-পিরিচ)। একইভাবে এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন। এরা হলেন, আওয়ামী লীগের ডা. মোফাররফ হোসেন (মাইক), আওয়ামী লীগের বিদ্রোহী শাহ মো. আলগমীর (তালা), বিএনপি’র খলিলুর রহমান (চশমা), জামায়াতে ইসলামীর শাহিনুর রহমান (উড়োজাহাজ) এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হেলাল উদ্দিন (টিউবওয়েল)।