ঘুষ নিয়ে চাকরি না দেয়ার অভিযোগ

বিরামপুরে প্রাথমিক শিক্ষা অফিসারের ওপর হামলা

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২৩:০১
ঘুষ নিয়ে চাকরি না দেয়ার অভিযোগে বুধবার রাতে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারকে বিরামপুরের বিক্ষুব্ধ কিছু লোক লাঞ্ছিত করেছে। পরে তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। হিটলারুজ্জামান (হাকিম) নবাবগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার। তার বাড়ি বগুড়ার ধুনট থানার নাটাবাড়ি গ্রামে। তার ওপর হামলাকারীদের অভিযোগ, সম্প্রতি নবাবগঞ্জ উপজেলার ৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন কাম নৈশ প্রহরী পদে লোক নিয়োগের জন্য জনপ্রতি ৪/৫ লাখ করে টাকা নিয়েছেন হিটলারুজ্জামান। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে তিনি অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন এমন খবরে নবাবগঞ্জ উপজেলার বিক্ষুব্ধ মানুষ বুধবার সন্ধায় বিরামপুর রেলগেট এলাকায় তার ওপর হামলা করে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় হিটলারুজ্জামান ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করে জানান, লোকজন ভুল বুঝে তাকে আক্রমণ করেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আনোয়ার হোসেন জানান, হিটলারুজ্জামানকে মারপিটের ঘটনাটি তিনি শুনেছেন এবং পঞ্চগড় জেলায় তার বদলির আদেশ হয়েছে।