শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবি) শিবির-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ে শিবিরের ডাকা ছাত্র ধর্মঘটের দ্বিতীয় দিনে শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন এবং বিভিন্ন শিক্ষাভবনের অন্তত অর্ধশতাধিক কক্ষের তালায় সুপারগ্লু লাগিয়ে দেয় ছাত্র শিবির। পরে শিবির কর্মীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডের দিকে আসলে পুলিশ তাতে বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে শটগানের গুলি ছুঁড়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সংঘর্ষে পাঁচ শিবির কর্মী আহত হয় বলে দাবি করেছে শিবির।
এদিকে শিবিরের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনেও পুলিশ পাহারায় শিক্ষক-শিক্ষার্থীদের বাস চলাচল করতে দেখা গেছে। তবে ধর্মঘটে অধিকাংশ বিভাগে কোন ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় স্কুলের সামনে স্টাফদের একটি বাসে ঢিল ছুঁড়ে শিবির কর্মীরা। প্রক্টর হিমাদ্রী শেখর রায় জানান, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতিসহ ১৪ নেতা-কর্মীর স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ধর্মঘট পালন করে শিবির।
