রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ ও অবৈধ লেগুনা বন্ধের দাবিতে ফুটপাতের দোকানপাটে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী ও একটি স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে রাজধানীর পূর্ব তেজতুরি বাজার এলাকায় একটি ছয়তলা ভবনে থাকা টায়ারের গুদাম আগুনে পুড়েছে। এছাড়া মীর হাজীরবাগে একটি বেল্টের কারখানা আগুনে পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত বুধবার পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরি মিশনারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সাকিব হাসানের বাবা জামাল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এর প্রতিবাদে গতকাল সকালে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ও স্কুলটির শিক্ষার্থীদের অভিভাবকরা। এসময় বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী লক্ষ্মীবাজারে ফুটপাতে থাকা অবৈধ দোকানগুলোতে আগুন ধরিয়ে দেয়। তাদের দাবি, ফুটপাথে থাকা এই দোকানগুলোর জন্যই বাধ্য হয়ে পথচারীদের রাস্তা দিয়ে হাঁটতে হয়।
অভিভাবক অমল সেন বলেন, ফুটপাথে থাকা অবৈধ দোকান উচ্ছেদ, স্কুলের সামনে দিয়ে চলা অবৈধ লেগুনা বন্ধ ও হত্যাকারীর বিচারের দাবিতে আগামী মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
