স্বার্থ হাসিলেই বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার :ফখরুল

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২৩:১৪
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এভাবে হঠাত্ বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে দরিদ্র, নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তিনি বলেন, সরকার দেশের মানুষের কথা না ভেবে নিজেদের স্বার্থ হাসিলে এই মূল্যবৃদ্ধি করেছে। এই পদক্ষেপ গণতন্ত্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। তিনি বর্ধিত দাম প্রত্যাহার করে বরং অবিলম্বে বিদ্যুতের দাম আরও কমানোর দাবি জানান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, ‘এখন সুপরিকল্পিতভাবে স্বাধীনতাযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে। স্বাধীনতাযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ যে জিয়াউর রহমানকে বীরউত্তম খেতাব দেন শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবের অনুসারীরাই এখন জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেন।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের চেতনাধারী দাবি করলেও তারা মুক্তিযুদ্ধের অহঙ্কার কর্নেল এম এ জি ওসমানী, তাজউদ্দীন আহমদসহ মুক্তিযুদ্ধের কান্ডারীদের স্মরণ করে না। এমনকি তাদের অবদানও স্বীকার করতে ?চায় না।’ শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব এডভোকেট রহুল কবির রিজভী আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের নাজ প্রমুখ। ড. মোশাররফের মুক্তি দাবি সভায় বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের মুক্তি দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ড. মোশাররফের মতো একজন নেতাকে এভাবে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নেয়া চরম জুলুম ও অন্যায়। এটা সরকারের অতীত নির্যাতনের রেকর্ড ছাড়িয়ে গেছে। এদিকে একই দিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, উপজেলা নির্বাচনে ক্ষমতাসীনদের ‘অপকর্ম’ থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতেই ড. খন্দকার মোশাররফ হোসেনকে ‘মিথ্যা’ মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি অবিলম্বে মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি করেন ।