নীলফামারীতে ভিজিএফের চাল পাচ্ছে ৪ লাখ পরিবার

আপডেট : ২২ মে ২০১৯, ১৫:৫৯

আসন্ন ঈদুল ফিতর ঘিরে দরিদ্রদের মধ্যে সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় নীলফামারীর ৪ লাখ ৪ হাজার ৩১৫টি পরিবার চাল পাচ্ছে। প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল দেওয়া হবে। ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত উপ-বরাদ্দের পরিপত্র সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে। 

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, জেলার ৬০টি ইউনিয়নের ৩ লাখ ৯০ হাজার ৪৫২টি পরিবার এবং ৪ পৌরসভায় ১৩ হাজার ৮৬৩টি পরিবার এ চাল পাবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ৬ উপজেলার মধ্যে ডিমলায় ৬৭ হাজার ১৮৮ জন, জলঢাকায় ৭৮ হাজার জন, কিশোরগঞ্জে ৫৬ হাজার ৫৪৭ জন, ডোমারে ৫৩ হাজার ৭০১ জন, সদরে ৯০ হাজার ৬৯০ জন এবং সৈয়দপুরে ৪৪ হাজার ৩২৬ জনকে এ চাল দেওয়া হবে। 

এ ছাড়া চার পৌরসভার মধ্যে নীলফামারী পৌরসভায় ৪ হাজার ৬২১ জন, সৈয়দপুরে ৪ হাজার ৬২১ জন, জলঢাকায় ৩ হাজার ৮১ জন এবং ডোমারে ১ হাজার ৫৪০ জন ভিজিএফের চাল পাবেন। এবারের ঈদে সুবিধাভোগীদের মধ্যে ১ হাজার ৬৪ দশমিক ৭২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। এর মধ্যে ছয় উপজেলায় ৫ হাজার ৮৫৬ দশমিক ৭৮০ মেট্রিক টন এবং চার পৌরসভায় ২০৭ দশমিক ৯৪৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। 

আরো পড়ুন: সিনেমাকে টার্গেট করে সামনের দিকে এগিয়ে যেতে চাই: শার্লিন

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এ হায়াত জানান, আগামী ৩ জুনের আগেই চাল উত্তোলন করে বিতরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর সুবিধাভোগীর প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেওয়া হবে।

ইত্তেফাক/এমআই