ভক্তদের বিশ্বাস আবারো ফিরে আসবেন ধর্মগুরু। আবারো মর্ত্যলোকে এসে সবাইকে পথ দেখাবেন। এজন্য ভারতের এক ধর্মগুরুর মরদেহ তার আশ্রমে প্রায় ছয় সপ্তাহ ধরে ডিপ ফ্রিজে রেখেছেন ভক্তরা। ভারতের পাঞ্জাব রাজ্যের একটি ছোট শহরের ধর্মগুরু আশুতোষ মহারাজকে গত ২৯ জানুয়ারি মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। এর পর ভক্তরা তার মরদেহ ডিপ ফ্রিজে রেখে তার আবার জীবন্ত হয়ে ওঠার আশায় অপেক্ষা করছে। ৭০ বছরের অধিক বয়সী আশুতোষ মহারাজ দিব্যজ্যোতি জাগ্রতি সংস্থানের প্রধান ছিলেন। সারা বিশ্বে তার লাখ লাখ ভক্ত ও অনুসারী রয়েছে বলে দাবি করা হয়।
মিশনের মুখপাত্র বিশালানন্দ জোর দিয়ে বলেন যে, প্রকৃতপক্ষে তাদের গুরু মারা যাননি। তিনি ধ্যানের সর্বোচ্চ স্তর ‘সমাধি’ দশায় রয়েছেন। মিশনের মুখপাত্র স্বামী বিশালানন্দ বলেন, অনুসারীরা গুরুর ‘সমাধি’ দশা সমাপ্তির অপেক্ষা করছেন। তখন পর্যন্ত নুরমহল শহরের আশ্রমটি খোলা থাকবে। এ সময় অনুসারীরা নিজেরা নিজেদের ধ্যান ও আধ্যাত্মিক সাধনা করবেন। চলতি সপ্তাহের গোড়ার দিকে তিনি বলেন, মহারাজজি এখনো ভক্তদের মাধ্যমে তাদের ধ্যানমগ্ন অবস্থায় তিনি না ফেরা পর্যন্ত তার দেহ সংরক্ষণের জন্য বার্তা পাঠাচ্ছেন। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে গুরুর মরদেহ ফ্রিজে রাখার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে একটি আবেদন করা হয়েছে। নিজেকে গুরুর সাবেক গাড়ি চালক পরিচয় দেয়া ওই লোক দাবি করেন, গুরুর কয়েকজন শিষ্য তার সম্পদে ভাগ বসাতেই তার মরদেহ সত্কার করতে দিচ্ছে না।- এনডিটিভি
