আরো এক বিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রস্তাব ভারতের

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২৩:২৬
বাংলাদেশকে আবারও একশ’ কোটি ডলার বা এক বিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে ভারত। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের নবম বৈঠকে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অরবিন্দ মেহতা এ প্রস্তাব দেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এই ঋণটি বাংলাদেশ ইচ্ছে করলে নিতে পারে। এর গ্যারান্টার হবে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। ভারতের এক্সিম ব্যাংকের মাধ্যমে এ ঋণ দেয়া হবে। সুদের হার হচ্ছে লাইবোর প্লাস ২ দশমিক ৫ শতাংশ। এ ধরনের ঋণ সমপ্রতি শ্রীলংকা নিয়েছে। বাংলাদেশ যে কোনো খাতে এ টাকা ব্যবহার করতে পারে বলে তিনি উল্লেখ করেন। এর আগে এক্সিম ব্যাংকের মাধ্যমে এক বিলিয়ন ডলার সহায়তা দেয় ভারত। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকের পর ১২ জানুয়ারি ৫০ দফা যৌথ ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার অনুযায়ী বাংলাদেশকে একশ’ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয় ভারত সরকার। ওই বছরের ৭ আগস্ট ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে ২০ কোটি ডলার অনুদান হিসাবে ঘোষণা করে ভারত।