জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, সাপের শেষ রাখতে নেই, বেঈমানের ক্ষমা নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সামাজিক সহায়তা উদ্যোগ আয়োজিত ‘স্বাধীনতার ৪৩ বছর উদযাপন, বীরাঙ্গনাদের সংবর্ধনা, একাত্তরের স্মৃতিচারণ ও ভাতা বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খবর বাসসের
সামাজিক সহায়তা উদ্যোগ’র আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ, সামাজিক সহায়তা উদ্যোগ’র সমন্বয়কারী এটিএম জায়েদ হোসেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের বীরঙ্গনা কমলা খাতুন, ময়মনসিংয়ের বীরাঙ্গনা পয়রবি নেছা ও সামাজিক সহায়তা উদ্যোগে’র ময়মনসিংহের সমন্বয়ক রবীউল করিম। ময়মনসিংহ জেলার ১৫ জন বীরাঙ্গনা বীর মাতাকে অনুষ্ঠানে ভাতা প্রদান করা হয় এবং ‘বীরাঙ্গনা বীর মাতার জবানীতে ৭১’র ভয়াল স্মৃতি’ প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।
মন্ত্রী বলেন, যুদ্ধে দু’টি পক্ষ থাকে। একটি শত্রু পক্ষ আর একটি বেঈমান পক্ষ বা বিশ্বাস ঘাতক পক্ষ। একাত্তরে পাকিস্তানি সৈন্য ছিল শত্রু পক্ষ আর জামায়াত-রাজাকার-আলবদর ছিল বেঈমান পক্ষ। ৭১’র মানবতাবিরোধী-যুদ্ধাপরাধী বেঈমানদের বিচার করতে না পারা ছিল আমাদের ঐতিহাসিক মহাভুল। এখনো স্বস্তি ফেলার সময় হয়নি। ৭১’র যুদ্ধে পরাজিত বেঈমানরা ঘাপটি মেরে আছে। তারা ভুল স্বীকার করেনি। জামায়াতি জঙ্গিবাদিরা আবারো মাথা চারা দিয়ে উঠছে।
রাজাকার-জঙ্গিবাদিদের ক্ষমা নেই উলে¬খ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিচার শেষ করবো, সাজা কার্যকর করবো, অপরাধ করলে বিচার হয় এটা প্রমাণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করবো।’
অন্যান্য বক্তারা বলেন, বীরাঙ্গনাদের সামাজিকভাবে, পারিবারিকভাবে ও রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদার আসনে দেখা হয় না। ময়মনসিংহের রবীউল করিম তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘একজন বীরাঙ্গনার এ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসার কথা ছিল কিন্তু গ্রামের মানুষ তাকে বলেছে- ঢাকা গেলে তোমাকে টেলিভিশনে দেখাবে, পত্রিকায় ছবি আসবে। তাতে আমাদের গাঁয়ের মর্যাদা নষ্ট হবে। ঠিক তার পরিবার থেকেও একই কথা বলা হয়েছে।’
তিনি আক্ষেপ করে বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে বীরের মতো ফিরেছে। অন্যদিকে বীরাঙ্গনারা অমর্যাদা ও গ¬ানি নিয়ে ফিরেছে। সমাজ ও পরিবার কেউ তাদের ভালো চোখে দেখে না। তাদেরকে এ পরিণতি থেকে রক্ষা করতে হবে।
