অপরাধ-ইভটিজিং-এর প্রতিবাদ
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সহপাঠীদের বেধড়ক মারপিট ও ইটের আঘাতে মারাত্মক আহত এসএসসি (কারিগরি) পরীক্ষার্থী আল মুজাহিদকে আশংকাজনক অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মোহনগঞ্জ উপজেলার ছেংরাখালী গ্রামের পাতর আলীর পুত্র মোহনগঞ্জ কারিগরি স্কুল এন্ড কলেজের এস এস সি পরীক্ষার্থী আল মুজাহিদ গত দু’দিন আগে তার এক সহপাঠী মেয়েকে অন্য সহপাঠীরা উত্ত্যক্ত করলে সে এর প্রতিবাদ করে। এতে তার সহপাঠীরা ক্ষিপ্ত হয়। গত বৃহস্পতিবার দুপুরে আল মুজাহিদ পরীক্ষা দিয়ে হল থেকে বের হওয়ার পর পূর্ব থেকে ওত পেতে থাকা বখাটে সহপাঠীরা তাকে ধাওয়া করে মোহনগঞ্জ রেল স্টেশনের জি আর পি পুলিশ ফাঁড়ির সামনে বখাটেরা তাকে ধরে বেধড়ক মারপিট ও মাথায় ইট দিয়ে আঘাত করলে এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে ডাক্তারা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে আশংকাজনক অবস্থায় গতকাল তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু ঢাকা মেডিক্যালে পৌঁছার পূর্বেই মারা যায় সে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমিজুল হক জানান, মৃতের পিতা পাতর আলী বাদী হয়ে বিরামপুর এলাকার বখাটে তরিকুল, নোমান, নওহাল এলাকার সোলেমান, তনি ও বরকাশিয়া এলাকার টিটুকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
