জেলার দেবিদ্বারে ‘স্বামীর ভাড়াটে খুনীর হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার’ গৃহবধূ শাহিনা আক্তারের লাশ ময়না তদন্ত শেষে গতকাল শুক্রবার বিকালে স্বামীর বাড়িতে দাফন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছেঁচরাপুকুরিয়া গ্রামের ৮০ ফুট গভীর ১৪ ইঞ্চি গোলাকার একটি নলকূপের পাইপের ৬৪ ফুট অংশ থেকে গত বৃহস্পতিবার ৩ সন্তানের মা শাহিনা আক্তারের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।
শাহিনার বড় ভাই হত্যা মামলার বাদী মজিবুর রহমান বলেন, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে তার লাশের ময়না তদন্ত শেষে গতকাল বিকাল ৩টার দিকে পুলিশ লাশ শাহিনার বাবা কেরামত আলীর তুলাগাঁও গ্রামের বাড়িতে নিয়ে হস্তান্তর করে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে ছেঁচরাপুকুরিয়া গ্রামে স্বামীর বাড়িতে তাদের একটি ঘরের পাশে শাহিনার লাশ দাফন করা হয়। সন্তানদের কথা ভেবে এবং এলাকাবাসীর অনুরোধে স্বামীর বাড়িতে লাশ দাফন করা হয় বলে তিনি জানিয়েছেন।
শাহিনার জানাজা শেষে স্থানীয় এলাকাবাসী পলাতক খুনীদের অবিলম্বে গ্রেফতারসহ তাদের ফাঁসির দাবি জানিয়েছেন। এছাড়া ৩ সন্তানের দায়িত্ব নিতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। দেবিদ্বার থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, শাহিনা হত্যাকাণ্ডের অর্থের জোগানদাতা তার স্বামী দুবাই প্রবাসী মোবারকের বন্ধু জেলার মুরাদনগরের জসিম উদ্দিন ও অপর ২ খুনিকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
