বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃতীয় দফায় আজ শনিবার অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনের ফল জোর করে ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে সরকার। তারা যে ভোট কারচুপির ষড়যন্ত্র করছে, তা তাদের মন্ত্রী-এমপিদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়।
সদ্য কারামুক্ত স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকে সঙ্গে নিয়ে গতকাল শুক্রবার জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন।
তিনি বলেন, সরকারের নির্দেশে উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপি করতে তাদের ‘আজ্ঞাবহ’ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকদের বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন ও গুম করছে।
নির্বাচন কমিশনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, নিবার্চন কমিশন এসব অনিয়ম দেখেও না দেখার ভান করছে। অনিয়মের বিরুদ্ধে তাদের (ইসি) কোনো পদক্ষেপ এখন পর্যন্ত চোখে পড়েনি। এতেই প্রমাণিত হয়, ইসি তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী টোয়েন্টি-২০ বিশ্বকাপ সফলভাবে করার জন্য বিএনপির সহযোগিতা চেয়েছেন। কিন্তু বিএনপি শুধু টোয়েন্টি-২০ তে নয়; দেশের জনগণের স্বার্থে সবকিছুতেই সহযোগিতা অক্ষুণ্ন রেখেছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলসহ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
