সুপ্রিম কোর্ট বারে বিএনপি সমর্থিতদের নিরঙ্কুশ জয়

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২২:৫১
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টি পদেই বিজয়ী হয়েছেন তারা। আর আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মাত্র একটি সদস্য পদে জয়ী হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে এই ফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। গত বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এ নিয়ে তৃতীয়বারের মত তিনি সুপ্রিম কোর্ট বারের সভাপতি নির্বাচিত হলেন। খন্দকার মাহবুব ১ হাজার ৫৮৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু। তিনি পেয়েছেন ১ হাজার ৪৭৫ ভোট। সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন ১ হাজার ৬২৬ ভোট পেয়ে পুন:নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের এডভোকেট রবিউল আলম বদু পেয়েছেন ১ হাজার ৪২৯ ভোট। এছাড়া জাতীয়তাবাদী ঐক্য প্যানেল থেকে সহ-সভাপতি পদে এডভোকেট মো. খালেদ আহমেদ (১৫৮০ ভোট) ও রফিকুল ইসলাম মেহেদি (১৫৩০ ভোট), সহ-সম্পাদক পদে এডভোকেট একেএম রেজাউল করিম খন্দকার (১৪৫৫ ভোট) ও এডভোকেট নাসরিন আক্তার (১২৪১ ভোট), কোষাধ্যক্ষ পদে ব্যারিস্টার মাসুদ আহমেদ সাইদ (১৬৮৮ ভোট) বিজয়ী হয়েছেন। সাতটি সদস্য পদের মধ্যে ৬ টিতেই জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। বিজয়ীরা হলেন এডভোকেট আফসানা রশিদ শুভ্রা, এডভোকেট মো. আসাদুজ্জামান আনসারী, এডভোকেট মো. মোস্তফা কামাল, এডভোকেট মোহাম্মদ আইয়ুব আলী আশরাফি, এডভোকেট সালমা বেগম ও এডভোকেট শামীমা আক্তার বানু। অপরদিকে সমন্বয় পরিষদের মো.আবুল কালাম আজাদ সদস্য পদে বিজয়ী হয়েছেন। নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১৪ টি কার্যনির্বাহী পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের দুটি প্যানেলের বাইরেও সাতজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ৪ হাজার ৫৪ জন ভোটারের মধ্যে ৩ হাজার ১৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ দেন। প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনেও সরকার সমর্থক প্যানেলের ভরাডুবি হয়।