গতকাল শুক্রবার বাদ জুমা ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক হাজার তাবলিগপন্থি মুসল্লি বিক্ষোভ সমাবেশ করেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর নাজিরাবাড়ী মসজিদে তাবলিগ জামায়াতের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বিপুল সংখ্যক মাদ্রাসার ছাত্র কাফনের কাপড় পরিধান করে মিছিলে অংশ গ্রহণ করে। জুমার পর শহরের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার তাবলিগ জামায়াতপন্থি মুসল্লি জমায়েত হয় টেংকেরপাড় লোকনাথ দীঘির মাঠে । সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে। পরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী এলাকার গোলচত্বরে এক সমাবেশ থেকে বিজয়নগর থানার ওসির অপসারণ, নাঈম উদ্দিনসহ হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আগামী ৭ ও ৮ এপ্রিল টানা ৪৮ ঘন্টা ব্রাহ্মণবাড়িয়া জেলায় সর্বাত্মক হরতালের ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে সারা বাংলাদেশের তাবলিগ জামায়াত সদস্যদের নিয়ে বিজয়নগরের উদ্দ্যেশে লংমার্চ এর ডাক দেয়া হবে বলে সমাবেশে ঘোষণা দেয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন তাবলিগ জামায়াতের ব্রাহ্মণবাড়িয়া আমীর হাজী আয়েত আলী। বক্তব্য রাখেন মাওলানা মনিরুজ্জমান সিরাজী, মাওলানা সাজিদুর রহমান, মুফতি মোবারক উল্ল¬াহ, মাওলানা রহমত উল্ল¬াহ, মুফতি আব্দুর রহিম কাশেমী, মুফতি আব্দুল হক, কওমী ইসলামী ছাত্র ঐক্য’র সভাপতি হাফেজ খায়রুল প্রমুখ।
