পটিয়ায় অপহূত ব্যবসায়ী ৪ দিনেও উদ্ধার হয়নি

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২১:১৭
সিমেন্ট ক্রয় করার জন্য বাড়ি থেকে পটিয়া সদরে যাওয়ার পথে ওয়াহিদুল আলম চৌধুরী (২৯) নামে এক ব্যবসায়ী অপহূত হয়েছেন চার দিন আগে। আজও তাকে উদ্ধার করা যায়নি। গতকাল শনিবার ওয়াহিদের ভাই শহীদুল আলম বাদী হয়ে আক্কাস উদ্দিন মিন্টুসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। পটিয়া উপজেলার আজিমপুর গ্রামের নুরুল হকের পুত্র ওয়াহিদ চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাহ এলাকার একজন মুরগীর খাবারের ব্যবসায়ী। জানা যায়, গত ১২ মার্চ সকাল ৯ টায় সিমেন্ট ক্রয় করার জন্য ১ লক্ষ টাকা নিয়ে পটিয়া সদরে যাওয়ার উদ্দেশ্যে তিনি ঘর থেকে বের হন। দুপুর ১২টায় তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। মোবাইলে যোগাযোগ করে না পেয়ে ওয়াহিদের মা তার ভাই শহীদকে ঐদিন বেলা দেড়টায় বিষয়টি অবহিত করে। ১২ মার্চ রাতে পটিয়া থানায় ও র্যাব-৭ কার্যালয়ে জিডি করা হয়। পটিয়া থানা পুলিশ গত ১৪ মার্চ সন্ধ্যায় আজিমপুর গ্রামের ফরিদুল আলমের পুত্র আক্কাস উদ্দিন মিন্টুকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি স্কুল ছাত্র আশরাফুল ইসলাম অপু অপহরণের তিন দিন পর তার লাশ উদ্ধার হয়। গত ৮ মার্চ গাড়ি চালক নুরুল ইসলাম পটিয়া থেকে নিখোঁজ হওয়ার ৩ দিন পর চকরিয়ায় তার লাশ পাওয়া যায়। এসব কারণে ওয়াহিদের জন্য চরম দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার। মামলার বাদী ও ওয়াহিদের ভাই শহীদুল ইসলাম জানান, তার ভাই জীবিত উদ্ধার হলে সে কারো বিরুদ্ধে কোন প্রকার প্রতিকার চাইবেন না। ভাইকে ফিরে পাওয়ার জন্য পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।