মুক্তিপণের দাবিতে তাড়াশ উপজেলার নওগাঁ শাখার ব্র্যাক কর্মকর্তা (হিসাব) তারিকুল ইসলাম অপহরণের ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। গত বৃহস্পতিবার বিকেলে কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। গভীর রাতে তাকে অপহরণ করা হয়েছে বলে তার মোবাইল ফোন থেকে তার পরিবারকে জানানো হয়। তারিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ঘাটান্দি গ্রামে। তাড়াশ থানার মামলা সূত্রে জানা যায়, বাড়ির দিকে যাবার সময় বাড়ি আসছে বলে তার পরিবারকে জানায়। রাত ১০টা পর্যন্ত বাড়িতে না পৌঁছায় এবং তার মোবাইল বন্ধ থাকায় পরিবারের লোকজন উত্কণ্ঠিত হয়ে পড়ে। গভীর রাতে তারিকুল ইসলামের ছোট ভাইয়ের মোবাইলে জানানো হয় তাকে অপহরণ করা হয়েছে। মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করে জানায়, টাকা না দিলে তাকে হত্যা করা হবে। তাড়াশ থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
