আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, এক বোতল পানির চেয়ে এখন এক কেজি সারের দাম কম। এক বোতল পানির দাম ২০ থেকে ২২ টাকা। আর ২২ টাকায় টিএসপি ও ২৭ টাকায় জিএসপি সার পাওয়া যাচ্ছে। অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালে এই সার চাওয়ার অপরাধে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল।
শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে কৃষক হত্যা দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ১৯৯৫ সালের ১৫ মার্চ তত্কালীন বিএনপি সরকার সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের এক মিছিলে নির্বিচারে গুলি চালিয়ে ১৮ জন কৃষককে হত্যা করে। এরপর থেকে কৃষকবান্ধব সংগঠনগুলো এ দিবসটিকে ‘কৃষক হত্যা দিসব’ হিসেবে পালন করে আসছে।
বিদেশি কুটনৈতিকদের সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, পশ্চিমাদের মনে রাখা প্রয়োজন যে, খাওয়ার জন্য আমরা এখন আর হাত পাতি না। ভিক্ষার দিন ফুরিয়ে আসছে। পেটে ভাত আছে, পরণে কাপড় আছে। আমাদের হাত পাতার দিন শেষ। এজন্য যত্রতত্র যা ইচ্ছা তাই করবেন না, বলবেন না। আমরা এগুলো মেনে নেব না।
কৃষিমন্ত্রী বলেন, আলুর ফলন বাড়ছে। মাঝখানে কৃষকের ভোগান্তি হয়েছে। এটার জন্য আমরা দায়ী নই। বিএনপি জামায়াত ও হেফাজতের নৈরাজ্যের জন্য ৯৩ দিন ঢাকায় সবজি আসা বন্ধ ছিল। পুরান আলু মজুদ থাকার পর নতুন আলু এসে গেছে। এসময় পুরান আলু নিয়ে বিপাকে পড়েছে কৃষক।
কৃষিমন্ত্রী বলেন, বিগত দু’বছর চাল আমদানি করতে হয়নি। গম কম উত্পাদন হয় বলে কিছু আমদানি করেছি। এখন দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে। ধানবীজ রফতানি করি। এটা শেখ হাসিনার সুদক্ষ শাসনের পরিচায়ক।
কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ছবি বিশ্বাস এমপি, শেখ মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ।
