ই ম রু ল নূ র
ক’দিন বাদেই ঈদ। ঈদের আগেই নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক কায়েস আরজু। চলতি বছরের শুরুর দিকে মুক্তি পেয়েছিল তাঁর ‘আমার প্রেম আমার প্রিয়া’। ছবিটিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন পরীমনি। এরপর তাঁকে আর নতুন ছবিতে দেখা যায়নি। গত ১৬ মে থেকে গাজীপুরের হোথাপাড়ায় খামারবাড়িতে শুরু করেছেন তাঁর নতুন ছবি ‘আগুনে পোড়া কান্না’র শুটিং। সেখানে টানা ১৪ দিন চলবে শুটিং। ছবিতে আরজুর সঙ্গে জুটি বেঁধেছেন নবাগতা আরোহী। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তাঁর। কায়েস আরজু বলেন, ‘দু বছর পর সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ালাম। এ সময় আমি কয়েকটা ছবি ফিরিয়ে দিয়েছি। যেমন গল্পে কাজ করতে চেয়েছিলাম, তেমন গল্প পাচ্ছিলাম না। অবশেষে এই ছবিটি পেয়েছি, যেটার গল্প শুনে কাজটা করতে রাজি হয়েছি। একদম মৌলিক ও সামাজিক গল্পের একটা ছবি। আমাদের সমাজে নিত্যদিনের ঘটনার সঙ্গে মিল খুঁজে পাবে সবাই।’ কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, ‘পাঁচদিন শুটিং করেছি। অভিজ্ঞতা খুবই ভালো। কিছু এন্ড ক্লাইমেক্সের অংশ শেষ করেছি। ছবির কঠিন দৃশ্যগুলোর কাজ আগে শেষ করে নিচ্ছি। গাজীপুরের বিভিন্ন লোকেশনে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত শুট চলবে। বাকি কাজ ঈদের পর করা হবে।’ ছবিতে চারটি গান থাকছে বলে জানান আরজু। গাজী মাজহারুল আনোয়ার, কবির বকুল, মুন্সী ওয়াদুদ ও রবিউল ইসলাম জীবনের কথায় গানগুলোতে কণ্ঠ দেবেন এস আই টুটুল, ইমরান, কনা, কোনাল ও চন্দন সিনহা। পিজি মোস্তফার চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান ঈশা। আরজু ও আরোহী ছাড়াও ছবিতে আরো অভিনয় করছেন আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, ঝিলিক, বড়দা মিঠু, শিমু ও ড্যানিরাজ প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে এনআর মাল্টিমিডিয়া। প্রসঙ্গত, ২০০৭ সালে হাছিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছ হূদয়ে’ ছবি দিয়ে দর্শক হূদয়ে জায়গা করে নেন আরজু। এরপর ‘বাজাও বিয়ের বাজনা’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘মন তোর জন্য পাগল’, ‘সেই তুমি’ ও ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয় করেন তিনি।
