শুক্রবার গভীর রাতে সদর উপজেলার বিনোদপুরে অগ্নিকাণ্ডে দুই শিশু তাদের মা ও নানী পুড়ে মারা গেছে। মা ফিরোজা বেগম (২৫) তিন মাস বয়সী শিশুপুত্র মাসুম বিল্লাহকে কোলে থাকা অবস্থায়ই পুড়ে যায়। পাশে ছিল বড় ছেলে মো. ফাহিম (আড়াই বছর) ও নানী (৭০)। ফিরোজা বেগমের স্বামী আফজাল হোসেন গ্রামের বাড়িতে গিয়েছিলেন স্ত্রী সন্তান রেখে। বিনোদপুরে তারা ধানের চাতালে কাজ করতেন।
সদর থানার ওসি মো.শহিদুল ইসলাম জানান, ভাঙ্গাঘোড়া নামক চাতালটির মালিক জসিমউদ্দিন। ভাড়ায় চাতালটি চালান বিশ্বজিত্ চন্দ্র। এই মিলেরই শ্রমিক ছিল ফিরোজা ও তার স্বামী। চাতালের মাঠেই ঝুপড়ি করে বেশ কিছুদিন ধরে থাকতেন তারা। আগুনের সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে-রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত।
