ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যান থেকে তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত এক মহিলাসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুইজন ছিনতাই ঘটনায় অর্থের যোগানদাতা। উদ্ধার করা হয় অস্ত্র, বিস্ফোরক, বিস্ফোরক উপকরণ, ঘটনার সময় ব্যবহূত মোটরসাইকেলসহ অন্যান্য জিনিসপত্র। গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, ঘটনার পর থেকে ১১ জনকে বিভিন্ন সময় গ্রেফতার করা হয়। সর্বশেষ গতকাল বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযানে নেতৃত্বদানকারী জঙ্গি ফারুকের খালাতো ভাই রুহুল আমীন ওরফে রাজুকে। এরআগে গ্রেফতার করা হয় জেএমবি সদস্য জাকারিয়া, তার স্ত্রী স্বপ্ন, ভাই ইউসুফ, রাসেল, আল আমীন, রাহাত, আজমীর, জিতু। এছাড়া ময়মনসিংহ ও জামালপুর থেকে রাজু আহমেদ ওরফে রাজু ও সোহরাব হোসেনকে গ্রেফতার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি (দক্ষিণ) মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং ময়মনসিংহ জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তবে পলাতক দুই আসামিকে (জঙ্গি) পুলিশ গতকাল পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।
গত ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজনভ্যানে তিন জঙ্গিকে ময়মনসিংহ আদালতে হাজিরা দেয়ার জন্য নিয়ে যাওয়ার পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় গুলি ও বোমা ফাটিয়ে তিন আসামিকে (জঙ্গি) ছিনিয়ে নেয় হামলাকারী জঙ্গিরা। ঘটনার দিনই বিকালে টাঙ্গাইলের সখীপুরে পুলিশের চেকপোস্টে এই তিনজনের একজন ধরা পড়ে। তার নাম রাকিব হাসান। রাতে তাকে নিয়ে পুলিশ অভিযানে বের হলে বন্দুকযুদ্ধে রাকিব নিহত হয়।
