ব্যালট ছিনতাই জাল ভোট সহিংসতায় নিহত ৩

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২৩:২৮
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। গত দু’ধাপের তুলনায় এই ধাপে সহিংসতা আরো বেড়েছে। কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, জালভোট, সহিংসতা আর পুলিশের গুলির মধ্য দিয়ে শেষ হয়েছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন। ৮১ উপজেলার নির্বাচনী সংঘর্ষে ৩ জন মারা গেছেন। এদের মধ্যে অস্ত্র ও ইটের আঘাতে বাগেরহাটে এক শিবিরকর্মী এবং পুলিশের গুলিতে ব্যালট ছিনতাইকালে শরীতপুরের নড়িয়ায় এক যুবক নিহত হন। এছাড়াও ২৩ মার্চ চতুর্থ ধাপের নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনায় বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে আরো একজন মারা গেছেন। আহত হয়েছে প্রায় পাঁচ শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে ২৬টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। ৮টি উপজেলায় নির্বাচন বয়কট করে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভোট প্রদান করতে এসে মো. শাহজাহান মোল্যা নামের এক ভোটার হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের দিনে গতকাল শনিবার প্রশাসনের উপস্থিতিতেই প্রতিপক্ষের এজেন্টদেরকে বের করে দিয়ে জাল ভোট প্রদান, কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে নেয়া, সাংবাদিকদের ওপর হামলা করে ক্যামেরা ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি কেন্দ্রে। প্রিজাইডিং অফিসার লাঞ্ছিত, ভোটারকে মারধর, ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে একাধিক কেন্দ্রে। প্রথম ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু হলেও দ্বিতীয় ধাপে সহিংসতা ধারাবাহিকভাবে বাড়তে থাকে। গতকাল তৃতীয় ধাপে সকাল থেকেই ইসিতে অভিযোগ আসতে থাকে। বিক্ষিপ্ত সহিংসতা, সরকারি দলের প্রার্থীদের ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, প্রতিপক্ষের পোলিং এজেন্টদের বের করে দেয়া, কেন্দ্র দখল, পুলিশের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ছিল সারা দিন। ফলে বাধ্য হয়ে কমিশন ২৬টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করার নির্দেশ দেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী কুমিল্লায় ৬টি উপজেলায় কেন্দ্র দখল, ব্যালট বাক্স-ছিনতাই হয়েছে। ৮টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার ভোট স্থগিতের দাবিতে হরতাল ডেকেছে ১৯ দলের নেতৃবৃন্দ। যশোরের মনিরামপুর উপজেলার হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, ব্যালট পেপারে আগুন এবং বোমাবাজি ও পুলিশের গুলির ঘটনা ঘটেছে। সাতক্ষীরার কালীগঞ্জে আওয়ামী লীগ নেতাকে পিস্তলসহ আটক করেছে ম্যাজিস্ট্রেট, আরেক নেতা গুলিবিদ্ধ হয়েছে। কুড়িগ্রামে ৩শ ব্যালট ও বেশ কিছু নির্বাচনী সামগ্রী ছিনতাই হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়া, গাইবান্ধায় প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। বরিশালের তিনটি উপজেলায় ব্যাপক জালভোট, কেন্দ্র দখল, সংঘর্ষ ও পুলিশের গুলি বর্ষণ হয়। মুলাদীতে কেন্দ্র দখলের প্রতিবাদে নির্বাচন বর্জন করেছে ১৯ দলীয় সমর্থিত প্রার্থী। হরতাল ডেকেছে বিএনপি। ভোলা সদর উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে আহত-৩৫, এক কেন্দ্র ভোট স্থগিত করা হয়। রাজশাহীর তিনটি উপজেলার মধ্যে দুর্গাপুরে বিএনপি সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়া, মারপিটে আহত হয়েছে ১৫ জন, চারঘাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে সাবেক ছাত্রলীগ নেতা জখম এবং ১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যালট বাক্স ছিনতাই, ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করা হয়। লক্ষ্মীপুরের কমলনগরে এক কেন্দ্রে ভোট স্থগিত করা হয়, আহত-১৫ ও আটক করা হয়েছে ১ জনকে। টাঙ্গাইলের ধনবাড়িতে কেন্দ্রে হামলা হয়, আওয়ামী লীগ নেতাসহ আটক করা হয় ৩ জনকে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ-ভোটার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে ৩ জন। নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া যায়। বোমা বিস্ফোরণ হয় কেন্দ্রে। চট্টগ্রামের সীতাকুন্ডে কেন্দ্র দখল, মারধর ও অগ্নিসংযোগ হয়েছে। আর চন্দনাইশে পুলিশ গুলি ছোঁড়ে। দায়িত্বে অবহেলার অভিযোগে ময়মনসিংহে প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়। চাঁদপুরের হাজীগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত ২০ ও কচুয়ায় ব্যাপক জাল ভোট পড়েছে। ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাচনে বিচ্ছিন্ন কয়েকটি সহিংস ঘটনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন ও চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জন করে। শরীয়তপুর প্রতিনিধি জানান, ব্যালট বাক্স ছিনতাইকালে নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় রিপন মাঝি (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বিকাল ৩টার দিকে উপজেলার ভূমখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেশি অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। তারা ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় প্রিজাইডিং কর্মকর্তা নরেন্দ নাথ মৈত্র পরিস্থিতি শান্ত করতে পুলিশকে গুলি ছোঁড়ার নির্দেশ দেন। পুলিশ এ সময় ১৮ রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় ভূমখাড়া গ্রামের মনছুর মাঝির পুত্র রিপন মাঝি (২৬) গুলিবিদ্ধ হলে তার স্বজনরা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে সহিংসতা, ককটেল বিস্ফোরণ, ভোট জালিয়াতি ও হতাহতের ঘটনার মধ্য দিয়ে পাঁচটি উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। গতকাল শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার মেগনিতলা বাজারে প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও ইটের আঘাতে মাঞ্জারুল ইসলাম (২১) নামে ছাত্র শিবিরের এক কর্মী নিহত হয়েছেন। ঐ কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম (৪৮) ও জামায়াত কর্মী রমিজকে (৫৫) কুপিয়ে জখম করা হয়েছে। রফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সার জন্য খুলনায় পাঠানো হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার মদন উপজেলা পরিষদের নির্বাচন কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কারের ঘটনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে গতকাল শনিবার দুপুরে ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের গুলিতে গেনু মিয়া (৩২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। চিকিত্সার জন্য ময়মনসিংহ হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। বরিশাল অফিস জানিয়েছে, ব্যাপক জালভোট, কেন্দ্র দখল, সংঘর্ষ ও পুলিশের গুলিবর্ষণের মধ্য দিয়ে গতকাল শনিবার জেলার ৩ টি উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। মুলাদীতে কেন্দ্র দখলের প্রতিবাদে নির্বাচন বর্জন, বাবুগঞ্জে সংঘর্ষ ও পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটলেও হিজলাতে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোলা প্রতিনিধি জানান, সদর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালটবাক্স ছিনতাই, ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ত্রিমুখী সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল ভোট গ্রহণ শেষ হয়েছে। ব্যালটবাক্স ছিনতাই ও ভাংচুরের ঘটনায় ভোলা দারুল হাদিস আলিয়া মাদ্রাসা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। কুমিল্লা প্রতিনিধি জানান, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, বুড়িচং, নাঙ্গলকোট ও তিতাস উপজেলার বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স-পেপার ছিনতাই,ভাংচুর, সাংবাদিক লাঞ্ছিত,পুলিশের গাড়িতে আগুন, এজেন্ট বের করে দেয়া, সংঘর্ষ, গুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়ি-ঘরে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ ১২ জনকে আটক এবং ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী বিধি লংঘনের দায়ে ৫ জনকে ৬ মাস করে সাজা প্রদান করে। ব্যালট বাক্স-পেপার ছিনতাই,ভাংচুর, কেন্দ্র দখলসহ ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগে জেলার নাঙ্গলকোটে ৫টি, চৌদ্দগ্রামে ২টি ও তিতাসে ১টিসহ ৮ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। যশোর অফিস ও মনিরামপুর সংবাদদাতা জানান, যশোরের মনিরামপুর উপজেলার হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, ব্যালট পেপারে আগুন এবং বোমাবাজি ও পুলিশের গুলির ঘটনা ঘটেছে। এসময় পুলিশের নায়েক জব্বার আহত হন। ঘটনার পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়। প্রিজাইডিং অফিসার আলমগীর হোসেন জানান, দুপুর ১২টার পর ২০-২৫ জন লোক কেন্দ্রে এসে বোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে পাশের বাগানে আগুন ধরিয়ে দেয়। ব্যালট পেপারসহ বাক্সটি সম্পূর্ণ পুড়ে গেছে। কুড়িগ্রাম প্রতিনিধি জানান, উপজেলা নির্বাচনের তৃতীয় পর্বে ভোটগ্রহণের মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় একটি কেন্দ্রে ব্যালট ও নির্বাচনী সামগ্রী ছিনতাই হয়েছে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরা প্রতিনিধি জানান, কালিগঞ্জের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নিকট থেকে রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম খোকনকে (৪২) একটি পিস্তলসহ আটক করা হয়েছে। এদিকে এঘটনার কিছু সময় পর রতনপুরের সুরাত আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের সাথে সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী (৪০) গুলিবিদ্ধ হয়েছেন। দামুড়হুদা সংবাদদাতা জানান, উপজেলা নির্বাচনে সংঘর্ষ, জাল ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিক ও ৩ পুলিশ সদস্যসহ ২২ জন আহত হয়েছে। বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেছেন। রাজশাহী অফিস জানায়, রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট উপজেলায় কয়েকটি ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। চারঘাটের গোপালপুর ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা ও সহকারী প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছনার ঘটনায় ভোটগ্রহণ স্থগিত রয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, টুঙ্গিপাড়ায় কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই, সংঘর্ষ, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর, অবরুদ্ধ, পুলিশের গুলি বর্ষণ ও বিশৃংখলার মধ্য দিয়ে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার। লক্ষ্মীপুর প্রতিনিধি ও রামগতি সংবাদদাতা জানান, বিক্ষিপ্ত বোমাবাজি, সংঘর্ষ ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সংঘর্ষ ও বোমাবাজি, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ১টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে বলিভদ্র ইউনিয়নের পাঁচপোটল আক্কাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মির ফারুখ আহমেদ ফরিদের কর্মী-সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। দেড়ঘন্টা ভোট প্রদান বন্ধ থাকার পর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল একেবারে কম। অভিযোগ রয়েছে, কোন কারণ ছাড়াই ভোটকেন্দ্রে অপেক্ষমান ভোটারদের উপর হামলা করে পুলিশ। এতে পুলিশ-জনতা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়। লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির প্রার্থী জিএম নজরুল ইসলাম (দোয়াতকলম প্রতীক) সহ অন্যসব প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে জেলার কিশোরগঞ্জ সদর, কুলিয়ারচর ও হোসেনপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কুলিয়ারচর উপজেলার বড়ছরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা একটার দিকে সকল ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই করা হয়। গাইবান্ধা প্রতিনিধি জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলায় শুক্র ও শনিবার ভ্রাম্যমাণ আদালতে কয়েকজন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তিনটি কেন্দে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কেন্দ্রগুলোয় কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়। সেনবাগ সংবাদাদাতা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষ, ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখল ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। সিলেট অফিস জানায়, দক্ষিণ সুরমার উপজেলার জালালপুর কেন্দ্র দখল করে ব্যালট টেবিল কাস্ট করেছে সরকারি দলের নেতাকর্মীরা। তারা প্রিজাইডিং অফিসারের কক্ষে ঢুকে ব্যালট পেপার বই লুটে নেয় এবং সীল মেরে ব্যালট পেপার ঢুকাতে থাকে ব্যালট বাক্সে। ময়মনসিংহ প্রতিনিধি জানান, ব্যালট বাক্স ছিনতাই, গুলি, প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করে পুলিশে সোপর্দ, সাংবাদিক নির্যাতন ও ক্যামেরা ছিনতাইসহ নানা অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে জেলার ফুলপুর, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, গৌরিপুর ও ধোবাউড়া উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ধোবাউড়া উপজেলায় চন্দ্রকোনা সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার এ কে এম খায়রুল হাসানকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বরখাস্ত করে পুলিশে সোপর্দ করা হয়। এছাড়া গোলযোগের কারণে ৩টি কেন্দ নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়। সীতাকুন্ড সংবাদদাতা জানান, উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন ক্যাডাররা অস্ত্রশস্ত্র নিয়ে কেন্দ্র দল ভোটারদের বাধা, মারধর, বাড়িঘর ভাংচুর, কারখানায় আগুন দিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। কচুয়া ও হাজীগঞ্জ সংবাদদাতা জানান, চাঁদপুরের হাজীগঞ্জ ও কচুয়া উপজেলায় দিনভর নির্বাচনী সহিংসতায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। সকালে কচুয়া উপজেলার করড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে। এতে ৩ জন আহত হয়। এছাড়া ১নং রাজারগাঁও ইউনিয়নে নাসিরকোট উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকা চেঙ্গাতলী বাজার সংলগ্ন সূর্য মালি বাড়িতে বিএনপি নেতা ইউপি মেম্বার মুরাদের নেতৃত্বে ঐ বাড়িতে হামলা চালিয়ে মন্দির ভাংচুর ও ২টি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। সংঘর্ষে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। কচুয়ায় চারটি কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়। দাগনভূঁঞা সংবাদদাতা জানান, দাগনভূঁঞা উপজেলার কয়েকটি নির্বাচনী কেন্দ্রে বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার সিন্দুর পুরের অলা তলি ও পূর্ব চন্দ্রপুরের দরাপপুর কেন্দ্রে ভোটের বাক্স ছিনতাই ও বোমা বিস্ফোরণে ভোট কেন্দ্র বাতিল হয়। নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল উপজেলার ঝালুয়া নামক স্থানে গতকাল শনিবার রাত ৮টার দিকে রিপন কুমার দত্ত (৩৮) নামে এক সহকারী প্রিজাইডিং অফিসার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করে মোটর সাইকেল চালিয়ে নান্দাইল উপজেলায় নিজ বাড়ি বেততৈল গ্রামে ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে। নোয়াখালী প্রতিনিধি জানান, সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণাকালে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ সমর্থকরা উপজেলা নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষে হামলা চালিয়ে কয়েকটি কেন্দ্রের ফলাফল শীট ছিঁড়ে ফেলে এবং মাক্রোফোন, ফ্যাক্স মেশিন ও আসবাব পত্র ব্যাপক ভাংচুর করে। এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থক ও বিএনপি-জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫জন আহত হয়।