অনুরূপ আইচের ইসলামি গানের ভিডিও

আপডেট : ২২ মে ২০১৯, ২০:০২

 

এই রমজানে অডিও প্রতিষ্ঠান সংগীতা থেকে প্রকাশিত হয়েছে দুই বাংলার নন্দিত গীতিকার ও লেখক অনুরূপ আইচের ইসলামি গান ‘সালাম নবীজি সালাম খাজাজি’। সুর করার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন গায়ক খালেদ মুন্না। এর সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। এ প্রসঙ্গে জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ বলেন, ‘ভারতের রাজস্থানে আজমীর শরিফের দরগাহের মধ্যে শুটিং হয়েছে আমার লেখা ইসলামি এই গানের। আমার জানা মতে, বাংলাদেশের কোনো গানের এই প্রথম খাজা বাবার দরগাহে শুটিং করার সুযোগ মিলেছে। দরগাহের পাশে এনা সাগরের কূলেও এই গানের শুটিং হয়েছে। এই গানের মাধ্যমে আমরা প্রথমে আল্লাহ, পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খাজা বাবাকে সম্মান জানিয়েছি। ফলে এই গানের মাধ্যমে খাজা বাবার ভক্ত ছাড়াও সকল মুসলমানের জন্য একটি সঠিক নিদর্শন তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি, সবকিছু মিলিয়ে গানটা ভালো লাগবে সবার।’ ‘সালাম নবীজি সালাম খাজাজি’ গানের ভিডিও পরিচালনা করেছেন গায়ক খালেদ মুন্না। এছাড়াও ঈদ উপলক্ষে অনুরূপ আইচের গান ‘যুবতী রাধে-টু’ সুমী মীর্জার কণ্ঠে সঙ্গীতা থেকে ভিডিওসহ প্রকাশিত হবে। এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মাহমুদ সানী। পপ গায়ক খন্দকার বাপ্পির কণ্ঠে অনুরূপ আইচের দুটি গান প্রকাশিত হবে এই ঈদে। এছাড়া আঁখি আলমগীরের কণ্ঠে অনুরূপ আইচের গান ‘তোমারই কারণে’ প্রকাশিত হবে এসএস মাল্টিমিডিয়া থেকে। ফাজবীর তাজ তন্ময়ের সুর ও শাহরিয়ার রাফাতের সংগীত পরিচালনায় এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন ওসমান মিরাজ।