এ দেশের ধূলিকণাকে থেকে শুরু করে সময়ের নানা রংগুলো ফুটে উঠে প্রজন্মের নানা মেধাবী কর্মকাণ্ডে। তেমনই কিছু কাজ নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে একটি প্রদর্শনী চলছে। গতকাল থেকে শুরু হয়েছে শিল্পী শহিদ কবিরের ‘তোমার পরে ঠেকাই মাথা’ শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। এই শিল্পীর চৌদ্দতম একক চিত্রকর্ম প্রদর্শনী আয়োজক বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস। এ নিয়ে আমাদের এবারের আয়োজন
এদেশের পলিমাটির পেলবতা থেকেই আপন শিল্পের রসদ খুঁজে নিয়েছেন শিল্পী শহিদ কবির। রঙের খেলায় একই সঙ্গে তিনি বাস্তবধারার বিশেষ রূপকার এবং বিমূর্ত ধারাতেও সমান সাবলীল। দীর্ঘকাল স্পেনে বসবাসের সূত্রে আন্তর্জাতিক শিল্পাঙ্গন থেকে আহরিত বোধের আলোকে সৃজন উত্কর্ষ ও শক্তিমত্তায় রেখেছেন স্বতন্ত্র প্রতিভার স্বাক্ষর। ১৯৯৭ সালে ‘পান্তাভাত’ আর ২০১৩ সালে আঁকা ‘পোড়া রুটি’—ছবি দুটি বলে দেয় বহুকাল ধরে প্রান্তিক মানুষের এক সংক্ষুব্ধ শিল্পী শহীদ কবীর। সত্তরের দশকের একজন শক্তিমান চিত্রকর তিনি। শিল্পী জীবনের ভোরবেলায় তিনি যে জীবনাদর্শ শিল্পে প্রোথিত করেছেন তাতে তিনি আজও সমুজ্জ্বল। এই প্রতিথযশা শিল্পীর ১৪তম একক প্রদর্শনী ‘তোমার পরে ঠেকাই মাথা’। গত বুধবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে (বাড়ি ২৭৫/এফ, রোড ২৭ পুরাতন, ধানমণ্ডি, ঢাকা) শুরু হয়েছে প্রদর্শনীটি। তিন সপ্তাহের এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুই তেখাদা শাকন ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সভাপতিত্ব করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। তেলরং, অ্যাক্রিলিক ও টেম্পেরায় শিল্পী সিদ্ধহস্ত। এসব মাধ্যমের কাজে প্রাধান্য পেয়েছে মাটি থেকে পাওয়া লাল, খয়েরি ও গেরুয়া রং। দেশের সমাজ বাস্তবতা সর্বদা তাকে আন্দোলিত করে। মানুষের দুঃখ, কষ্ট, বেদনা ও জীবনের নানা অনুষঙ্গ বেঙ্গল গ্যালারি আয়োজিত প্রদর্শনীর কাজে প্রতিফলিত হয়েছে। ১৯৪৯ সালে বরিশালে জন্ম নেওয়া এই শিল্পীর ৫৩টি শিল্পকর্ম দিয়ে প্রদর্শনীটি সাজানো হয়েছে। তিন সপ্তাহব্যাপী চিত্রকলা প্রদর্শনী চলবে ১ এপ্রিল পর্যন্ত। উল্লেখ্য, শিল্পী শহীদ কবিরের জন্ম ১৯৪৯ সালে বরিশালে। তিনি ১৯৬৯ সালে তত্কালীন গভ. কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত দেশ-বিদেশে তার ১৩টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলগত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি ঢাকা এবং মাদ্রিদে শিল্পচর্চা করছেন।
