তা হ মি না মি লি
বছরের সবচেয়ে বড় চলচ্চিত্র উত্সব শুরু হয়ে গেছে ভূমধ্যসাগরের ছোট্ট শহর কানে। সেখানে ভিড় করতে শুরু করেছেন সারা দুনিয়া থেকে আসা চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্র ব্যবসায়ীরা। গত ১৪ মে থেকে ৭২তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উত্সবের আলো জ্বলছে। উত্সব চলবে আগামী ২৫ মে পর্যন্ত। এবারের আসরে মাস্টার অব দ্য সিরামনি হিসেবে থাকছেন অ্যাওয়ার্ড বায়ের। তিনি এর আগে ২০০৮, ২০০৯ ও ২০১৮ সালে একই দায়িত্ব পালন করেছিলেন। অর্থাত্ শুরু ও শেষের বক্তব্য শোনা যাবে প্রখ্যাত এই অভিনেতার কণ্ঠে। জুরিবোর্ডের নেতৃত্বে রয়েছেন অস্কার বিজয়ী নির্মাতা আলেজান্দ্রো গঞ্জালেস ইনরিতো। জিম জারমাশ পরিচালিত হরর ধাঁচের সিনেমা ‘দ্য ডেড ডোন্ট ডাই’ প্রদর্শনের মাধ্যমে শুরু হয়েছে এবারের কান চলচ্চিত্র উত্সবের আসর। হরর ধাঁচের এই সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারও হয়েছে এখানে। উত্সবের শেষ দিন ২৫ মে প্রদর্শিত হবে ‘হরস নরমস’ ছবিটি। এ ছবিটি পরিচালনা করেছেন যুগল পরিচালক এরিক টলেডানো ও অলিভার নাকাশে। কান চলচ্চিত্র উত্সবের গত বছরের লাল গালিচায় ইউরোপের নবতরঙ্গ চলচ্চিত্র আন্দোলনের অন্যতম নির্মাতা আনিয়েস ভার্দারের সরব উপস্থিতি থাকলেও এবার তাঁকে দেখা যাবে না। গত মার্চে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। তবে তিনি এবার কান চলচ্চিত্র উত্সবে থাকবেন তাঁর কাজ নিয়ে। এবারের কান চলচ্চিত্র উত্সবের ৭২তম আসরে উত্সব কর্তৃপক্ষ আনিয়েস ভার্দার প্রতি শ্রদ্ধা জানাতে উত্সবের পোস্টারে তুলে ধরেছে এ নির্মাতার শুটিংয়ের সময় তোলা স্থিরচিত্র। এবারের ৭২তম কান চলচ্চিত্র উত্সবে দারুণ চমক সৃষ্টি করেছে কুয়েন্টিন টরেন্টিনোর নবম চলচ্চিত্র ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’। তারকাবহুল এ ছবি নিয়ে আলোচনা চলছে সবখানে। লিওনার্দো ডি ক্যাপ্রিও, ব্র্যাড পিট, আল পাচিনো, মারগোট রোবির মতো পর্দা কাঁপানো তারকাদের উপস্থিতি এ ছবিটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ২১ মে প্রদর্শিত হয়েছে আলোচিত এ ছবি। প্রতিযোগিতার বাইরে বেশ কিছু সিনেমা এবার বেশ আলোড়ন তুলেছে। এর মধ্যে ভেরনার হেরজাগের ‘ফ্যামিলি রোমান্স’, এলএলসি ব্ল্যাদ লেলুশের ‘দ্য বেস্ট ইয়ারস অব আওয়ার লাইভস’, আসিফ কাপাডিয়ার ‘ডিয়াগো ম্যারাডোনা’ আর কিংবদন্তি এলটন জনের জীবনী অবলম্বনে ডেক্সটার ক্লেচ্যার নির্মিত ছবি ‘রকেটম্যান’। এছাড়াও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘পোর্ট্রেট অব আ লেডি অন ফায়ার’, ‘লিটল জো’, ‘স্যরি’, ‘উই মিসড ইউ’, ‘দ্য সোয়ালে অব কাবুল অ্যান ইজি গার্ল’, ‘ফ্যাঙ্কি’, ‘সিক সিক সিক’ প্রভৃতি সিনেমা। প্রতিবছর দক্ষিণ এশীয় দর্শকদের নজর থাকে কান চলচ্চিত্র উত্সবের লাল গালিচায় হাঁটা বলিউডের নায়িকাদের প্রতি। অভিনীত কোনো সিনেমা নিয়ে নয়, তাঁরা মূলত লাল গালিচায় হাঁটেন বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের প্রচারদূত হিসেবে। অন্যান্যবারের মতো এবারও কান চলচ্চিত্র উত্সবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর, কঙ্গনা রানাওত, হুমা কুরাইশি, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোনদের সঙ্গে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খানকেও দেখা গেছে।
