প্রকৌশলী

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২০:৩২
সৃষ্টিসুখের উল্লাস অনুভব করতে পারা যায় এমন একটি বাস্তবধর্মী পেশা হলো প্রকৌশল। প্রকৌশল পেশায় ভালো করতে হলে এই পেশায় হাতে কলমে শিক্ষার কোনো বিকল্প নেই। এ পেশায় কীভাবে ভালো করা যায় সে বিষয়ে প্রজন্মকে পরামর্শ দিলেন মার্জস পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক মো. শাহজাহান আলম প্রকৌশল পেশা অত্যন্ত সুখকর একটা পেশা। কঠোর পরিশ্রমের পর যখন নিজের তৈরি কোনো যন্ত্র চলা শুরু করে তখন যে সুখবোধ অনুভব করা যায় তা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রকৌশল শিক্ষার জন্য এদেশ পারফেক্ট বলে মনে করেন তিনি। কারণ এদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং হবে। তাছাড়া ইন্টারনেটের কারণে পুরোবিশ্ব আজ আমাদের হাতের মুঠোয়। তরুণ প্রজন্ম তাই এই পেশাটিকে তাদের পেশা হিসেবে সহজেই নিতে পারে বলে মনে করেন তিনি। প্রকৌশলীকে মাঠে শিক্ষিত অশিক্ষিত, নির্বাক ধাতব, অধাতব বস্তু নিয়ে কাজ করতে হয় তাই নতুন প্রকৌশলীকে দূরদৃষ্টিসম্পন্ন টিম লিডার হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দিলেন তিনি। দেশ গড়ার জন্য, নিজেকে গড়ার জন্য অবশ্যই মেধাবী প্রজন্মকে এই পেশায় আসার পরামর্শ দিলেন তিনি। এই পেশায় ভালো করতে হলে পড়তে হবে, বাস্তবে কাজ করতে হবে, কম্পিউটার জানতে হবে, ধৈর্যশীল হতে হবে, সববিষয়ে পারদর্শী না হওয়ার চেয়ে একটা বিশেষ ক্ষেত্রে পারদর্শী হওয়ার জন্য কাজ করতে হবে, তাহলেই এই পেশায় সাফল্য পাওয়া যাবে। তরুণ প্রজন্মের কাছে তিনি আহ্বান জানান, ‘আসুন আমরা প্রকৌশল শিক্ষাই শিক্ষিত হই, দেশ থেকে বেকারত্ব, দারিদ্র দূর করি। দেশকে প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাই।’