রাজনীতির চিন্তা-চেতনা হওয়া উচিত মানব কল্যাণ : সংস্কৃতি মন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২১:৫৬
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, রাজনীতির চিন্তা-চেতনা হওয়া উচিত মানুষের কল্যাণ। সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন হচ্ছে অপরাজনীতি। আর অপরাজনীতি যারা করে তাদের বাংলাদেশের মাটিতে জায়গা দেয়া উচিত নয়। পশ্চাদপদ নীলফামারী দীর্ঘদিন অবহেলিত অবস্থায় ছিল। তাই নীলফামারীতে পশ্চাদপদতা থেকে উত্তরণের জন্য দলমতের ঊর্ধ্বে থেকে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। তিনি শনিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের তথা দেশের রফতানি বাণিজ্যের প্রসারে খুব শিগগিরই নীলফামারী জেলার চিলাহাটি স্থলবন্দরটি চালু করা হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব ও সঞ্চালন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুশফিকা ইফফাত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকার প্রমুখ।