দেশের বৃহত্ ও একমাত্র দানাদার ইউরিয়া উত্পাদনকারী শিল্প প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় (জেএফসিএল) যন্ত্রাংশ মেরামতের নামে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মহল কারখানার নিজস্ব ওয়ার্কশন ও জনবল ব্যবহারের মাধ্যমে যন্ত্রাংশ মেরামত করে ৯ লাখ ৮৯ হাজার ৩৫০ টাকা আত্মসাত্ করলেও কর্তৃপক্ষ রহস্যজনক কারণে ব্যবস্থা না নেয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কারখানার ইউটিলিটি প্লান্টের বয়লার পাম্পের স্টেজ কেচিং ডেলিভারী হেড মেরামতের জন্য কর্তৃপক্ষ সমপ্রতি দরপত্র আহবান করে। সর্বনিম্ন দরদাতা হিসেবে ঢাকার মেসার্স জব্বার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ কার্যাদেশ পায়। কার্যাদেশ পাওয়ার পর জব্বার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিজেদের ওয়ার্কশপে কাজ না করে কারখানার কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগসাজশে কারখানার নিজস্ব ওয়ার্কশপ ও জনবল ব্যবহার করে যন্ত্রাংশ মেরামত করে।
একটি সূত্র জানায়, কারখানার অত্যাধুনিক নিজস্ব ওয়ার্কশপেই যন্ত্র মেরামত করা সম্ভব। অথচ কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তা অগ্রাহ্য করে দরপত্র আহ্বান করেন। অফিসের কয়েকজন কর্মকর্তা, এবং সিবিএ‘র কিছু নেতা যোগসাজশে এ কাজের দরপত্র নিয়ন্ত্রণ করেন। তারা নামমাত্র ঠিকাদারী প্রতিষ্ঠান দেখিয়ে কারখানার নিজস্ব ওয়ার্কসপে নিজস্ব টেকনিশিয়ান দিয়ে যন্ত্রাংশ মেরামত করে বরাদ্দকৃত অর্থ আত্মসাত্ করেন বলে ওই অভিযোগে প্রকাশ। এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক ইখলাছ উদ্দিন জানান, বিষয়টি আমার জানা নেই, তবে অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
