স্মরণ

স্মৃতিতে সমুজ্জ্বল গণিতবিদ আলী আফজাল

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:১৫
আজ ১৭ মার্চ। গণিত অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্ব ও বাংলাদেশ গণিত সমিতির সাবেক সভাপতি প্রফেসর সৈয়দ আলী আফজালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। জীবনের আট দশকে পৌঁছে বার্ধক্যজনিত কারণে ২০১২-এর এই দিনে ঢাকা উত্তরার ৩নং সেক্টরের ক্রিসেন্ট হাসপাতালে আলো ছায়া মায়াময় পৃথিবীর রূপরসগন্ধ পিছনে ফেলে তিনি চলে গেছেন অনন্তের কল্যাণলোকে। রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, অগণিত ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী। গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার গোপালপুরের পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। পঞ্চাশের দশকের মধ্যভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী সৈয়দ আফজাল পরে যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। তার প্রথম চাকরিস্থল যশোর মাইকেল মধুসূদন কলেজ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ ও ঢাকা আণবিক শক্তিকেন্দ্রে অধিষ্ঠিত ছিলেন। ভূষিত হলেন Bangladesh Physical Society ও Bangladesh Computer Society-এর ফেলো মর্যাদায়। পরবর্তীকালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনার পাঠ চুকিয়ে প্রফেসর আফজাল অবসর নেন। ঢাকার উত্তরা মডেল টাউনের নিজস্ব বাড়িতে অবসর জীবনযাপন করতেন। এ সময়কালে কিছু মূল্যবান বই-পুস্তক রচনা করেন তিনি। মানসম্মত এবং বিদ্বত্সমাজে সমাদৃত সব গ্রন্থ। উল্লেখ্য, তার জীবনাবসানের তিন দশক পূর্বের লেখা Science for Survival (১৯৮১) বইটি সুধিমহলে প্রশংসিত হয়। প্রফেসর আফজাল দেশ-বিদেশের গণিত বিষয়ক বহু সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। বাংলাদেশ গণিত সমিতি ২০০৯-এর ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ১৯ জন বর্ষীয়ান গণিতবিদকে সম্মাননা প্রদান করে। সে সময় (২০০৮-২০০৯) আমি ছিলাম সমিতির সভাপতি। সম্মাননাপ্রাপ্ত গণিতবিদদের মধ্যে প্রফেসর আফজাল ছিলেন অন্যতম। এই মহতী ও প্রাণবন্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠান সফল করার লক্ষ্যে যেসব সংস্থা আর্থিক সহযোগিতাদান করেছেন ইত্তেফাকের মানিক মিয়া ফাউন্ডেশন তাদের অন্যতম। ২৬ ফেব্রুয়ারি ২০০৯-এর দৈনিক ইত্তেফাকে ‘বর্ষীয়ান গণিতবিদের সম্মাননা প্রদান’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশিত হয়। স্বাধীনতা উত্তরকালে গণিত সমিতির উদ্যোগে জার্নাল GANIT-এর মুখপাত্র ‘গণিতপরিক্রমা’ প্রথম প্রকাশের ক্ষেত্রে যারা নিরলস পরিশ্রম করেছেন এবং যাদের বুদ্ধিবৃত্তিক চিন্তাচেতনা অগ্রণী ভূমিকা রাখে সৈয়দ আলী আফজালের নাম সেক্ষেত্রে যেন সর্বাগ্রে উচ্চারণ করতে হয়। ড. আলী আফজাল ছিলেন শান্ত প্রকৃতির মানুষ, অমায়িক, নিরহঙ্কার ও মিষ্টভাষী। তার ব্যক্তিত্বের আলো ও মাধুর্য আর আদর্শ চরিত্র মুগ্ধতায় ভরে দিত ছাত্র-শিক্ষক সকলের মন-প্রাণ। গণিত শিক্ষার উন্নতিবিধানে তার অবদান অপরিমেয়। ড. আফজালের মৃত্যুতে গণিত অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। কিন্তু তার কর্ম ও জীবনদর্শন আমাদের কাছে উজ্জ্বল ও অনুপ্রেরণার উত্স হয়ে রইবে। তিনি দীর্ঘায়ু লাভ করেন। জীবন সংগ্রামে জয়ী হন। জয়ী হয়েছেন গণিতের জন্য ভালবাসায় উজ্জীবিত কর্মের সাধনায়। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গণিত শিক্ষার মহান ব্রতে উত্সর্গীকৃত অধ্যাপকের আত্মার মাগফেরাত কামনা করছি। শোকার্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। এই বড় মাপের মানুষটিকে আজ পরম শ্রদ্ধায় স্মরণ করি। গণিতবিদ আলী আফজাল রয়েছেন আজও আমাদের স্মৃতিতে সমুজ্জ্বল। লেখক: সাবেক সভাপতি, বাংলাদেশ গণিত সমিতি