চট্টগ্রামে ভূমি অফিসের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:২১
সদরঘাট এলাকায় অবস্থিত ভূমি অফিসে গতকাল রবিবার ঝটিকা অভিযান চালান ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এ সময় দুই ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং এক এমএলএসএসকে বদলির নির্দেশ প্রদান করেন তিনি। পার্শ্ববর্তী একটি পুকুর ভরাট করা হলে এর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় এই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। অভিযুক্তরা হলেন ভূমি সহকারি মো. জয়নাল আবেদীন ও ভূমি উপ-সহকারি রণকান্তি শীল ও এমএলএসএস আনিসুল ইসলাম। আনিসুল ইসলাম তিন বছরের অধিক সময় ধরে একই অফিসে কর্মরত থাকায় তাকে বদলি করা হয়। জানা যায়, স্থানীয় প্রভাবশালী মহল ভূমি অফিসের সামনে সরকারি একটি পুকুর ভরাট করে দালান নির্মাণ করার উদ্যোগ নিয়েছে— এই অভিযোগের ভিত্তিতে প্রতিমন্ত্রী গতকাল পুকুরটি পরিদর্শনে যান। এ সময় তিনি পুকুরের ভরাট কাজ বন্ধের নির্দেশ দেন এবং সরকারি জায়গা দখলের দায়ে অলক খাস্তগীর ও আবদুস শুক্কুর নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। অলক সরকারি পুকুর ভরাট এবং আবদুস শুক্কুর সরকারি জায়গা দখল করে চায়ের দোকান পরিচালনা করছেন।